২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দুই যাত্রীর কাছে ৬ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ছয় কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 01:05 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, কেরামত আলী ও লোকমান নামের ওই দুই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছায়।

ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পর তাদের তল্লাশি করে ব্লেজার, জুতা ও মোবাইল ফোনের কভারের ভেতর ৩১টি সোনার টুকরো পাওয়া যায় বলে মইনুল খান জানান।

তিনি বলেন, দুই যাত্রীর মধ্যে একজনের ব্লেজারের কলারের নিচে সেলাই করে ২৮টি সোনার বিস্কুট লুকানো ছিল, যার ওজন ২ হাজার ৮০০ গ্রাম। আর অন্যজনের দুই জুতা এবং মোবাইলের কভারের ভিতর এক কেজি ওজনের তিনটি সোনার বার পাওয়া যায়।

আটক ৫.৮ কেজি সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক। 

ওই ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। ব্যাংকক থেকে আসা কোনো যাত্রীর কাছ থেকে উড়োজাহজেই ওই সোনা হাতবদল হয়ে কেরামত ও লোকমানের কাছে আসে বলে শুল্ক গোয়েন্দাদের ধারণা।

আটক দুজনের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মইনুল।