শেখ হাসিনা সেনানিবাসের উদ্বোধন
বরিশালের লেবুখালীতে নিজের নামের নতুন সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলার দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা নদীর তীরে বৃহস্পতিবার ‘শেখ হাসিনা ক্যান্টনমেন্টের’ ফলক উন্মোচন করেন তিনি। সপ্তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর হচ্ছে এই সেনানিবাসে।
এ সময় প্রধানমন্ত্রী দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আগামীতে দেশের জনকল্যাণমূলক কাজে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, “দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতে সেনাবাহিনীকে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।”
এর আগে সকালে প্রধানমন্ত্রী লেবুখালী সেনানিবাসে পৌঁছলে সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আলম তাকে অভ্যর্থনা জানান।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান, সাবেক সেনা প্রধান, কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বক্তব্যে সেনাবাহিনীর উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “এই বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে অনেক আধুনিক যানবাহন, হেলিকপ্টার, সমরাস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।”
সেনাবাহিনীর সঙ্গে তার ‘সুদৃঢ় পারিবারিক বন্ধনের’ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমি আপনাদের মাঝে আমার হারানো ভাইদের খুঁজে পাই।”
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীলতা ও সহমর্মিতার সাথে দুর্গতদের সাহায্য, সহযোগিতা করে সশস্ত্র বাহিনী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
যে কোনো দুর্যোগে আর্তমানবতার সেবা ও জান-মাল রক্ষায় সশস্ত্র বাহিনীর কর্তব্য ও দায়িত্বশীল ভূমিকা সব সময় প্রশংসিত হয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষায় বাংলাদেশ এখন একটি ‘ব্র্যান্ড নেম’।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫০ শয্যার পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল, মির্জাগঞ্জে ১০ শয্যার দেউলি মা ও শিশু কল্যাণ হাসপাতাল, বাউফল উপজেলায় সাবুপুরা ১০ শয্যার মা ও শিশু কল্যাণ হাসপাতাল, সরকারি শিশু পরিবারের নবনির্মিত ছাত্রাবাস, কাজী আবুল কাশেম স্টেডিয়াম, দশমিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কলাপাড়া উপজেলার পশ্চিম চাকমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, কলাপাড়া উপজেলার পশ্চিম ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গলাচিপা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ডিজিটাল পাবলিসিটি স্কিন এবং শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স মিলনায়তন উদ্বোধন করেন।
এছাড়া তিনি গলাচিপা উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্প্রসারণ এবং হল ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
