জিল্লুর রহমান সিদ্দিকীর স্ত্রীর মৃত্যু
প্রয়াত অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর স্ত্রী কায়সার সিদ্দিকী মারা গেছেন।
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর ঘণ্টা দুয়েকের মধ্যেই মারা গেছেন ঢাকা কলেজের বাংলার সাবেক অধ্যাপক রওশন আরা হোসেন, যিনি কায়সার সিদ্দিকীর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।
৮৬ বছর বয়সী কায়সার সিদ্দিকী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে তার মেয়ে নাহিদ জাভিন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মা গত দুই মাস ধরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ভাই শাকিল আখতার সেখানকার অর্থোপেডিক বিভাগের প্রধান।
কায়সার সিদ্দিকী, ফেইসবুক থেকে নেওয়া ছবি
পারিবারিক এই ছবি ফেইসবুক থেকে নেওয়া
“মা বার্ধক্য ও ডিমেনশিয়াসহ নানা জটিলতায় ভুগছিলেন।”
বৃহস্পতিবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে স্বামীর কবরে কায়সার সিদ্দিকীকে দাফন করা হয়।
স্বাধীনতা পুরস্কারে ভূষিত জিল্লুর রহমান সিদ্দিকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৯০-৯১ সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৪ সালের ১১ নভেম্বর মারা যান অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী।
এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
অধ্যাপক রওশন আরা হোসেনের ছেলে নিয়াজ চৌধুরী বাংলাদেশ আই হাসপাতালের চিকিৎসক।
