২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ম-নৈতিকতার প্রশ্নও ফাঁস

এসএসসি ও সমমানের পঞ্চম পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগেই তা ছড়িয়েছে বিভিন্ন ফেইসবুক গ্রুপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজিয়া আফরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 10:49 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

আগের পরীক্ষাগুলোর মতোই বৃহস্পতিবার ইসলাম ও নৈতিক শিক্ষার বহুনির্বাচনী প্রশ্ন ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে আসে সকাল ৮টা ৫৯ মিনিটে। পরীক্ষার পর তা মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।

এর আগে ‘SSc English 2nd 2018’ নামে যে মেসেঞ্জার গ্রুপে ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্ন ফাঁস হয়েছিল, ওই গ্রুপেই ‘Ridoy Khan’ নামের আইডি থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘খ’ সেট (‘চাঁপা’ নামের) বহুনির্বাচনী প্রশ্নপত্র ছবি আকারে দেওয়া হয়।

সকাল ১০টায় পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগেই বিভিন্ন ফেইসবুক পেইজ ও গ্রুপে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্রের এই ছবি। আধা ঘণ্টাখানেকের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে কাজ করছি না তা কিন্তু না। দেশের নানা প্রান্তে প্রশ্নফাঁসে জড়িত কয়েকজনকে ধরা হয়েছে। আরও পদক্ষেপগুলো আপনাদের সামনে শিগগিরই আসবে আশা করি।”

চলছে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন

সংবাদপত্রে গ্রুপের নাম এসেছে, সর্বশেষ পরীক্ষায় সবার আগে প্রশ্ন দিয়েছে, বিনামূল্যে প্রশ্ন দেবে- এসব লিখে ফেইসবুকে প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পদক্ষেপেই কাজ হচ্ছে না, বরং তৈরি হচ্ছে নতুন নতুন ফেইসবুক পেইজ।

শিক্ষার্থীদের কাছে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে একেকটি প্রশ্নের জন্য। আবার কেউ দিচ্ছে বিনামূল্যে। ফোন নম্বর, বিকাশ নম্বর ও হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে ফোন করতে বলা হচ্ছে সরাসরি।

এসব গ্রুপ, পেইজ বন্ধে পদক্ষেপ জানতে চাইলে তপন কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কি চাইলেই এগুলো বন্ধ করতে পারব, বলেন? এগুলোর দায়িত্ব আমাদের সংস্থাগুলোকে দেওয়া আছে। গোয়েন্দা বিভাগের সাইবার ইন্টেলিজেন্স আর বিটিআরসি কাজ করছে। আশা করি অনেক তাড়াতাড়ি সব ফলাফল দেখতে পাবে সকলে।”