খালেদার রায়ের প্রতিবাদ ২০১ আইনজীবীর
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের ২০১ জন আইনজীবী।
রায়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি সমর্থক আইনজীবীরা বলেন, ‘রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে’ বিচারক এ রায় দিয়েছেন।
জিয়া এতিমখানা ট্রাস্টের ২ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার জজ মো. আখতারুজ্জামান।
আইনজীবীদের বিবৃতিতে বলা হয়, “আমরা মনে করি, বেগম খালেদা জিয়া এই মামলায় ন্যায়বিচার পাননি। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বিচারক এই রায় দিতে বাধ্য হয়েছেন।
“যে অভিযোগে বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার সাথে বেগম খালেদা জিয়ার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই, যা বিচারের বিভিন্ন পর্যায়ে দেশের জনগণের কাছে সুস্পষ্ট হয়েছে।”
বিএনপি চেয়াপারসনকে নির্বাচন থেকে দূরে রাখতে ‘সাজানো’ এই রায় দেওয়া হয়েছে বলে দাবি করেন এই আইনজীবীরা।
উচ্চ আদালতে খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন বলে আশা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবীরা।
বিবৃতিদাতারা বলেন, এই রায়ের ফলে বর্তমান রাজনৈতিক সঙ্কট আরও প্রকট আকার নেবে।
“এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে পরিণত করার উদ্যোগ তৈরিতে রাজনৈতিক সমঝোতার পরিবেশ ধূলিস্যাৎ হওয়ারও সম্ভাবনা দেখা দিল।”
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মেহেদি, সাবেক সম্পাদক সাইদুর রহমান, গিয়াস উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট বারের সদস্য গোলাম আরশাদ, আইনজীবী তৈমুর আলম খন্দকার, এ বি এম ওয়ালিউর রহমান, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, জামিল আখতার এলাহি, মোহাম্মদ আলী, এ এইচ এম কামরুজ্জামান মামুন, এ কে এম এহসানুর রহমান, গাজী কামরুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মাহবুব, এ এন এম আবেদ রাজা, মির্জা আল মাহমুদ, এবিএম রফিকুল হক তালুকদার, মাজেদুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
