ঢাবি হলে ছাত্রকে পিটিয়ে আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
আহত এহসান রফিক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাঁ চোখেও আঘাত পেয়েছেন তিনি।
তাকে মারধরের ঘটনায় তিন কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক রুহুল আমিন, উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেল ও কর্মী ওমর ফারুককে বহিষ্কারের কথা জানানো হয়েছে।
এরা সবাই সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের অনুসারী।
আহত এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন মাস আগে মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওমর ফারুক তার ক্যালকুলেটর ধার নেন।
“তা ফেরৎ না দেওয়ায় কালকে চাইলে ওমর ফারুকসহ কয়েকজন আমাকে মারধর করে।”
হলের কয়েকজন ছাত্র জানান, এহসান মঙ্গলবার ক্যালকুলেটর চাইলে ফারুক তার বিরুদ্ধে তাকে লাথি দেওয়ার অভিযোগ তোলেন।এরপর হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ ও তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিম ইরতিজা শোভন ও আবু তাহের, সহ-সম্পাদক রুহুল আমিন, সদস্য সামিউল ইসলাম সামী, আহসান উল্লাহ, উপ-সম্পাদক মেহেদী হাসান হিমেলকে নিয়ে এহসানের ওপর হামলা করেন ফারুক।
এ সময় রড ও লাঠি দিয়ে এহসানকে বেধড়ক মারধর করা হয় বলে জানান তারা।মারধরে এহসান জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মারধরের খবর যাতে বাইরে না যায় সেজন্য প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে এনে এহসানকে হল শাখা সভাপতি তাহসানের কক্ষে (১৬ নম্বর) নেওয়া হয়। বুধবার সকালে এহসানের অবস্থা খারাপ হলে আবারও তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে আবার হলে এনে একটি কক্ষে আটকে রাখা হয়।
ছেলের এই খবর পেয়ে দুপুরে ঢাকা আসেন তার বাবা রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাক্তার বলেছেন, এহসানের চোখের কর্নিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।ভবিষ্যতে যেন আর কোনো বাবাকে তার সন্তানকে এভাবে নির্যাতিত না দেখতে হয়।”
এ ঘটনায় প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হল ছাত্রলীগ সভাপতি তাহসান আহমেদ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যালকুলেটর নিয়ে বন্ধুদের মধ্যে মারামারি হয়েছে। ইতোমধ্যেই এই ঘটনায় জড়িতদের হল থেকে বের করে দিয়েছি। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, “ওই ছাত্রকে মারধরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
