২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা সাইনবোর্ড না থাকায় গুলশানে ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলায় লেখা সাইনবোর্ড না থাকায় রাজধানীর গুলশান এলাকার দেড় ডজন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 08:15 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

বুধবার বেলা ১১টায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়।

দুপুর আড়াইটা পর্যন্ত চলা অভিযানে ১৮টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের ইংরেজিতে লেখা সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়।

যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে- ইসলাম ফার্মা, বাটা, অপো, অপো ল্যান্ডভিউ, ফটো স্টুডিও, ফ্লোরা লিমিটেড, ইমেজ লাইটিং, সনি র‌্যাংগস, বহেরা, ল্যান্ডমার্ক, ডেটা ফটোকপি, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, আসলাম লাইটিংস, আই কেয়ার, ইউএস বাংলা এয়ারলাইন্স, ব্রেড অ্যান্ড বিয়ন্ড, টপ টেন এবং স্যামসাং।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সাইনবোর্ড বাংলায় লিখে প্রতিস্থাপনের জন্য দুই দিনের সময় দেয় ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইনবোর্ডে বাংলা ব্যবহার বাধ্যতামূলক করে হাই কোর্টের একটি আদেশ আছে। এটা বাস্তবায়ন করতেই এ অভিযান চালানো হয়েছে।

“এ বিষয়ে মহামান্য হাই কোর্টের একটি নির্দেশনা রয়েছে। আমরা এর আগে বিভিন্ন মাধ্যমে এ বিষয়ে বিজ্ঞপ্তিও দিয়েছি। কিন্তু এসব প্রতিষ্ঠান সেই আদেশ মানেনি। এজন্যই আমরা আজকে অভিযান চালিয়েছি। হাই কোর্টের আদেশ এবং ডিএনসিসির গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন না করার অপরাধে সিটি করপোরেশন অ্যাক্টের ৯৩ ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।”

দূতাবাস, বিদেশি সংস্থা ছাড়া সব প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইত্যাদি বাংলায় লেখা বাধ্যতামূলক করে উচ্চ আদালত ২০১৪ সালে একটি নির্দেশ দেয়। স্থানীয় সরকার বিভাগ থেকে হাই কোর্টের আদেশটি ডিএনসিসি এলাকায় নিশ্চিত করার দায়িত্ব সিটি করপোরেশনকে দেওয়া হয়।

এ বিষয়ে গত ২৮ জানুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএনসিসি। তাতে ডিএনসিসি এলাকার দূতাবাস, বিদেশি সংস্থা ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার বাংলায় লেখার জন্য সাত দিনের সময় দেওয়া হয়।