২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেলের অভিযোগ প্রধান বিচারপতি দেখবেন, আশা আইনমন্ত্রীর

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সুপ্রিম কোর্টে অনিয়ম-দুর্নীতির যেসব অভিযোগের কথা বলেছেন, নতুন প্রধান বিচারপতি সেসব বিষয়ে তদন্ত করবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 08:50 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অভিনন্দন জানিয়ে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জাবাবে আইনমন্ত্রীর এ বক্তব্য আসে।

তিনি বলেন, “আমি প্রধান বিচারপতিকে বলেছি, এই অভিযোগগুলোর তদন্ত করার প্রয়োজন আছে। সকলেই যেহেতু এক কথা বলছে, আপনি তদন্ত করবেন বলে আমার বিশ্বাস।”

দেশের দ্বাবিংশতম প্রধান বিচারপতি হিসেবে শনিবার সন্ধ্যায় শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। পরদিন সুপ্রিমে কোর্টে তার সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগের অনিয়ম-দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতিকে বলেন, এ অবস্থা চলতে থাকলে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে।

মাহবুবে আলম বলেন, আদালত এখন বিভিন্ন অব্যবস্থাপনার চোরাবালিতে আটকা পড়েছে।  কর্মচারীরা জড়িয়ে পড়েছেন দুর্নীতিতে। বিচারকরা সময় মেনে চলছেন না। কেউ কেউ অনেকাংশে বেঞ্চ অফিসারের ওপর ‘নির্ভরশীল’ হয়ে পড়ছেন।

তার ওই বক্তব্য আলোচনার জন্ম দেওয়ায় বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। 

আনিসুল হক বলেন, “বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সেদিন যা বলেছেন, অনেক জ্যেষ্ঠ আইনজীবী তার সঙ্গে একমত পোষণ করেছেন। আমার বিশ্বাস, বিচার বিভাগকে আরও পরিচ্ছন্ন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিৎ, তিনি (প্রধান বিচারপতি) নেবেন বলে আমরা আশা করি।”

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা বিভিন্ন বিষয়ে ‘বিতর্কের সৃষ্টি করে গেছেন’ মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, “সেগুলো আমার হ্যান্ডেল করতে হয়েছে। আমি আইনানুগভাবে হ্যান্ডল করেছি। আজকেও আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি, মাননীয় প্রধান বিচারপতিকে সহযোগিতার ব্যপারে আমাদের কী করণীয় সে নির্দেশনা আমি চেয়েছি এবং সহযোগিতার কথা বলেছি। তার নির্দেশনা পেলেই যেখানে যেখানে সহযোগিতা প্রয়োজন সেখানে নিশ্চয়ই সহযোগিতা করব।”

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে দ্রুত বিচারক নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে।