এ অবস্থা চললে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে: অ্যাটর্নি জেনারেল
বেশ কয়েক বছর ধরে দেশের বিচার বিভাগের ‘অবক্ষয়’ ঘটছে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এ অবস্থা চলতে থাকলে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে।
তবে নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন যেহেতু দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন, দৃঢ় পদক্ষেপ নিলে তার পক্ষে পরিস্থিতির আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছেন তিনি।
রোববার সুপ্রিম কোর্টে নতুন প্রধান বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলমের এমন বক্তব্য আসে।
তিনি বলেন, অনেকে দায়িত্ব পাওয়ার পর স্থিতাবস্থা বজায় রেখে নির্বিঘ্নে মেয়াদ পার করতে চান এবং তা অনেক সময় অসম্ভবও নয়। কিন্তু ইতিহাসে তারাই বেঁচে থাকেন, যারা চিন্তা জগতে পরিবর্তন আনতে চান, সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে চান।
বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পারিবারিক পরিচিতি, শিক্ষা-কর্ম জীবনের নানা দিক তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধানের বিধানমত আপনি ২০২১ সালের শেষ দিন পর্যন্ত প্রধান বিচারপতির পদে আসীন থাকবেন। এটা দীর্ঘ সময়। আমাদের বিচার বিভাগের বর্তমান যে অবস্থা, আপনার এই সময়কালে তাতে আপনি আমূল পরিবর্তন আনতে পারেন। যদি এ বিষয়ে আপনি দৃঢ় পদক্ষেপ নেন।”
সংবিধানের ধর্ম নিরপেক্ষতার নীতিকে মাহবুবে আলম এই ভূ-খণ্ডের জনগণের ‘বহুদিনের চিন্তা চেতনার ফসল’ হিসেবে বর্ণনা করেন। আর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণকে সংবিধান-বহির্ভূত ও বেআইনি ঘোষণার রায়কে বর্ণনা করেন বাংলাদেশের বিচার বিভাগের জন্য ‘রেনেসাঁ’ হিসেবে।
“কিন্তু বেশ কয়েক বছর যাবত আমাদের বিচার বিভাগের অবক্ষয় ঘটেছে। সাধারণ জনগণের কাছে এ আদালতের যে ভাবমূর্তি ছিল, তাতে পরিবর্তন ঘটেছে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোপূর্বে কোনো এক প্রধান বিচারপতির সংর্ধনায় আদালতের অবক্ষয়ের কিছু নমুনা তিনি তুলে ধরেছিলেন। তখনকার প্রধান বিচারপতি তদন্তের পদক্ষেপ নেওয়ার পর তা অনেকটা অগ্রসরও হয়েছিল। কিন্তু তার পরের প্রধান বিচারপতি আসার পর সেই ফাইলই ‘নিখোঁজ’ হয়ে যায়।
অবক্ষয়ের বিবরণ দিতে গিয়ে মাহবুবে আলম বলেন, হাই কোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চ সম্পর্কে যেসব আলোচনা হয়, তা ‘প্রকাশ করার মত নয়’। আদালত এখন বিভিন্ন অব্যবস্থাপনার চোরাবালিতে আটকা পড়েছে। কর্মচারীরা জড়িয়ে পড়েছেন দুর্নীতিতে।
“চার বছর আগের মামলার শুনানি না হলেও দুই মাস আগের মামলার চূড়ান্ত শুনানি হয়ে যাচ্ছে। আদালতের কিছু অসাধু কর্মচারী মামলা (ফাইল) নিচ থেকে উঠানোর কাজ করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আগে একটি কি দুটি মামলা রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হত। এখন মাসের পর মাস রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হচ্ছে। পূর্ণাঙ্গ রায় প্রকাশ হচ্ছে না মাসের পর মাস।”
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, তিনি যখন সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন, তখন কাটায় কাটায় সকাল সাড়ে ১০টায় বিচারপতিরা এজলাশে বসতেন। কোথাও সময়ের ব্যত্যয় ঘটত না।
“কিন্তু এখন কার্যতালিকার সময়ের সাথে বিচারকদের এজলাশে ওঠা-বসার কোনো সঙ্গতি নেই। এ অবস্থা চললে বিচার ব্যবস্থা ভেঙে পড়বে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি মনে করি আদালতের কর্মকর্তা-কর্মচারীদের একটা বিরাট অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সবচেয়ে ভয়াভহ বিষয় হল বিশেষ কোর্ট। অনেক কোর্ট বিশেষ বিশেষ আইনজীবীদের কোর্ট হয়ে গেছে। এটা ন্যায়বিচারের পরিপন্থি।”
এখন আদালতের রায় নিয়ে জালিয়তি হচ্ছে এবং বিচারক জামিন না দিলেও আসামি জামিন আদেশ জাল করে জেল থেকে বেরিয়ে যাচ্ছে- এমন তথ্য দিয়ে আদালতের কাজে প্রযুক্তি ব্যবহার বাড়াতে নতুন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মাহবুবে আলম।
তিনি বলেন, কোনো কোনো বেঞ্চে বিচারপতিরা সম্পূর্ণ বেঞ্চ অফিসারের ওপর ‘নির্ভরশীল’ হয়ে পড়েন এবং আইনজীবীদের কথায় তারা কোনো ‘কর্ণপাত করেন না’।
“একজন বিচারপতি অবসরে গেছেন। তার প্রতিটি মামলার রায়ই ছিল একই রকম বাক্য সমৃদ্ধ এবং অনেকে হাসাহাসি করত এই কথা বলে যে, তার হয়ে তার রায় লিখে দিচ্ছে তার বেঞ্চ অফিসার।”
ওই বিচারক মামলা শুনানির জন্য প্রস্তুত হওয়ার আগেই রায় দিয়েছিলেন এবং মামলা কার্যতালিকায় না থাকলেও কোনো কোনো বিচারক জামিন বা স্থগিতাদেশ দিচ্ছেন বলে তথ্য দেন অ্যাটর্নি জেনারেল।
প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, “আপনাকে আমরা আশ্বস্ত করতে পারি যে, আদালতের ভাবমূর্তি উন্নত করার জন্য, বিচার কাজকে গতিশীল করার জন্য, দেশের বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার জন্য, বিচারকাজে স্বচ্ছতা আনার জন্য এবং বিচারক ও আইনজীবীদের মঙ্গলের জন্য আপনি যেসব পদক্ষেপ নেবেন, সে বিষয়ে আমরা আপনাকে নিঃশর্ত সমর্থন করব। আমাদের প্রত্যাশা, আপনি এগিয়ে চলুন। আমরা থাকব আপনার সঙ্গে।”
আগাম জামিনে ‘বিশেষ দৃষ্টি’ চান জয়নুল
আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানে আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি জেনারেলের পর বক্তব্য দিতে এসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ‘পুলিশের গ্রেপ্তার ও নির্যাতন’ থেকে রক্ষার জন্য আগাম জামিনের বিষয়ে প্রধান বিচারপতির ‘বিশেষ দৃষ্টি’ আশা করেন।
তিনি বলেন, “রাজনৈতিক কারণে ঢালাওভাবে হাজার হাজার লোককে নির্বিচারে আসামি করে ক্ষমতাসীন দলের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা চলছে। সেক্ষেত্রে হাই কোর্ট অবশ্যই পুলিশের গ্রেপ্তার ও নির্যাতন থেকে রক্ষার জন্য আগাম জামিনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাবেন বলে আমরা আশা করি। এ ব্যাপারে আপনার বিশেষ দৃষ্টি থাকবে বলে আইনজীবী সমাজ মনে করে এবং আশা করে।”
প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বিএনপিপন্থি এ আইনজীবী বলেন, গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। কিন্তু দেশের বিচার ব্যবস্থা, বিশেষ করে নিম্ন আদালত এখনও ‘সরকারি প্রশাসনের প্রভাব বলয়ে’ আটকা ।
“এই অবস্থা থেকে বিচার ব্যবস্থাকে বের করে আনা আপনার জন্য হবে অন্যতম চ্যালেঞ্জ।”
জয়নুল আবেদীন অভিযোগ করেন, ‘রাজনৈতিক অস্থিরতার’ সুযোগে আইন শৃঙ্খলাবাহিনী কতিপয় সদস্য ক্ষমতাসীন দলের প্রতি ‘আনুগত্য’ প্রকাশ করার জন্য ঢালাওভাবে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করছে।
সম্প্রতি পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে আসামি করার বিষয়টিও তুলে ধরেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল।
তিনি বলেন, “আপনার সামনে এখন চালেঞ্জ হচ্ছে দেশে আইনের শাসন, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা পূরণ করা। সর্বোপরি বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা।”
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে বিদায় করা হয়েছে মন্তব্য করে জয়নুল আবেদীন বলেন, “মাননীয় প্রধান বিচারপতি, দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে যেভাবে বিদায় করা হয়েছে এবং এর ফলে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তাতে বিচার বিভাগ আজ মহা সঙ্কটে পড়েছে। এক দিকে নিম্ন আদালতগুলোর ওপর ক্ষমতাসীন রাজনৈতিক দলের অবাধ হস্তক্ষেপ, অপর দিকে অসংখ্য মামলার ভারে ভারাক্রান্ত নিম্ন আদালতগুলো হিমশিম খাচ্ছে।”
মামলা জটের বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ‘দলীয় রাজনীতির উর্ধ্বে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে’ হাই কোর্টে বিচারক নিয়োগের জন্য একটি নীতিমালা প্রণয়নের দাবি জানান।
