আমদানিকারক থেকে উৎপাদক হওয়ার পরামর্শ আইটি মন্ত্রীর
বিদেশ থেকে আমদানির পরিবর্তে দেশেই মোবাইল ফোন হ্যান্ডসেট তৈরির পরামর্শ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন মোবাইল ফোন ইমপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) নেতৃবৃন্দের সঙ্গে শনিবার এক সাক্ষাতে তিনি একথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, “সরকার দেশে শিগগিরই ফোরজি নিলাম করতে যাচ্ছে। ইতোমধ্যে দেশে মোবাইল হ্যান্ডসেট উৎপাদনের জন্য নানা রকম প্রণোদনা দেওয়া হচ্ছে… আপনারাও আমদানিকারক থেকে উৎপাদনকারী হয়ে উঠুন।
“সাশ্রয়ী মূল্যে যত দ্রুত সম্ভব দেশের মানুষের হাতে ফোরজি হ্যান্ডসেট তুলে দিন। স্মার্টফোনই ডিজিটাল বাংলাদেশের মোক্ষম হাতিয়ার।”
দেশে অবৈধভাবে সেট আমদানি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
বিএমপিআইএয়ের সভাপতি রুহুল আলম আল মাহবুব, সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
