২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2018, 01:14 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ও ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুমজিলে ম্লামবো-নছুকার সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি।

পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

মানবাধিকারের কথা বিবেচনা করে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে কক্সবাজারে স্থানীয় জনগণের সমস্যা হচ্ছে।

শরণার্থীদের সহজেই সন্ত্রাসবাদে ঝোঁকার ঝুঁকির কথা তুলে ধরে তাদের নিরাপত্তার জন্য ভাষাণ চরে স্থানান্তরের পরিকল্পনাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক পর্যায়ে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাষাণ চরে স্থানান্তরের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের অবস্থা নিয়ে তিনি একটি প্রতিবেদন জমা দেবেন বলে জানান ফুমজিলে ম্লামবো-নছুকা।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।