ঢাকায় বিকাশ এজেন্টের এক কর্মী খুন, আরেকজন ছুরিকাহত
ঢাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে এক দিনে নিহত হয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের কর্মচারী; ছুরিকাহত হয়েছেন আরেক এজেন্টের কর্মচারী।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরাংশের উত্তরায় একজনকে ছুরি মেরে খুন করার কয়েক ঘণ্টার মধ্যে পূর্বাংশের ডেমরায় ছুরিকাহত হন আরেকজন।
উত্তরায় নিহতের নাম আলামিন (২৪)। তাকে খুন করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি নিয়ে যায় ছিনতাইকারীরা। বিকাশ এজেন্ট ইফতেখার মোহাম্মদের কর্মচারী আলামিনের বাড়ি ভোলায়।
ডেমরায় আহত মাহাবুবুর রহমান মাহাবুব (২৯) এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুটি হামলায় জড়িত কাউকে রাত পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মোবাইল ব্যাংকিং প্রসার পাওয়ায় সারাদেশেই ছড়িয়ে আছে এখন এর এজেন্টরা। তারা প্রতিদিনই লাখ লাখ টাকা লেনদেন করেন। ফলে ছিনতাইকারীদের সহজ লক্ষ্যে পরিণত হচ্ছেন তারা।
সকাল সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরের ১/এ সড়কে হামলার মুখে পড়েন আলামিন।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলামিনের উপর হামলাকারীরা একটি পুরনো প্রাইভেটকারে এসেছিল।
আলামিনের শুধু ডান উরুতে ছুরিকাঘাত করা হয়েছিল; রক্তক্ষরণেই তার মৃত্যু ঘটে।
ওসি বলেন, “ঘটনাস্থলটি প্রায় নিরিবিলি। ঘটনার পর সেখানে সে প্রায় আধা ঘণ্টা পড়ে ছিল। সাথে সাথে কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। রাস্তায় পড়ে থাকাবস্থায় তার প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে হাসপাতালের ডাক্তাররা জানিয়েছে।”
ছিনতাইকারীরা কত টাকা নিয়ে গেছে, সে বিষয়ে মালিকপক্ষ কিছু জানায়নি বলে জানান ওসি। তিনি বলেন, “লোক মুখে শুনছি ব্যাগে ৫ লাখ টাকা ছিল।”
ডেমরায় দুপুরের পর মাহবুব ছিনতাইকারীর কবলে পড়েন রানীমহল সিনেমা হলের কাছে গলাকাটা ব্রিজের ঢালে।
ডেমরা থানার ওসি কাওসার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “দুটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা মাহাবুবের পথরোধ করে। মাহবুব ঘটনা বুঝতে পেরে দৌড় দেয় এবং টাকার ব্যাগটি পাশের এক দোকানে ছুড়ে মারে।”
ছিনতাইকারীরা ধাওয়া করে মাহাবুবকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় বলে জানান ওসি।
তিনি বলেন, “সেসময় তার পকেটে প্রায় এক লাখ টাকা থাকলেও ছিনতাইকারীরা তা বুঝতে না পারায় নেয়নি।”
স্থানীয়রা মাহাবুবকে উদ্ধার করে বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
তার দুই হাত, পিঠ ও বুকে ছুরিকাঘাতের ১০/১১টি চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
‘ওয়ানজা ডিস্ট্রিবিউশন’ নামে এক বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মচারী মাহাবুব।
এই প্রতিষ্ঠানের মালিক মীর্জা এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাহাবুব বিভিন্ন দোকান থেকে টাকা তুলে প্রতিষ্ঠানে নিয়ে আসছিলেন।
ওসি জানান, যে এলাকায় ঘটনাটি ঘটেছে তার পাশেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা। ছিনতাইকারীরা ঘটনা ঘটিয়ে সিদ্ধিরগঞ্জের দিকে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
