ডাকাতি করতে গিয়ে খুন: একজনের মৃত্যুদণ্ড
পাঁচ বছর আগে ঢাকার উত্তর যাত্রাবাড়ীর সাজেদা ফিলিং স্টেশন এলাকার একটি বাড়িতে ডাকাতির সময় খুন করার দায়ে এক জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ওই মামলার রায়ে আরও ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম।
আসামিদের উপস্থিতিতে রায় হয়। রায়ের পর তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে ট্রাইব্যুনালের পেশকার ইমরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাতে উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাড়িতে জাহিদ আল লতিফ ওরফে খোকার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতিকালে তার ছেলে বখতিয়ার দিলে পিস্তল দিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়।
ওই ঘটনায় বখতিয়ারের বাবা যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. ইউনুস ২০১৪ সালের ১৩ এপ্রিল সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৪ সালের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক। ৪২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নিয়ে বৃহস্পতিবার রায় হল।
