২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনগণের সঙ্গে থাকতে’ চান সাবেক আইজিপি শহীদুল

সদ্য বিদায়ী পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, এখনও ‘জনগণের সঙ্গে থেকে’ সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে চান তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 07:49 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

বৃহস্পতিবার গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর দেওয়া বিদায় সংবর্ধনায় তিনি বলেন, “জনগণের সঙ্গে থেকে জনগণকে সাথে নিয়েই আমি দায়িত্ব পালন করে সফল হয়েছি।

“এসপি হয়ে চাঁদপুর থেকে শুরু করে আমি দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করেছি।অবসরের পরও আমি জনগণের সঙ্গেই থাকতে চাই।”

বিজিএমইএ মিলনায়তনে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ছাড়াও সমিতির আরও কয়েকজন নেতা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবেক আইজিপি শহীদুল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে শিল্প পুলিশের আধুনিকায়ন ও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। সফলতাও এসেছে। এরপর পুলিশের সেবার মানও বেড়েছে।”

পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় পোশাক খাতের অস্থিরতা ঠেকাতে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “পোশাক শিল্প যখন অস্থিতিশীল হয়ে উঠেছিল তখন আমি কল্পনা, বাবুল ও মন্টু ঘোষকে গ্রেপ্তার করি। তখন ডিএমপি কশিনারের ওপর আন্তর্জাতিকভাবে অনেক চাপ ছিল। কংগ্রেসম্যানরা চাপ দিয়েছিল। তারপরও আমি পিছিয়ে আসিনি।”

ওই সময় কী পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছিল তা বোঝাতে তিনি বলেন, “তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছিলেন, আবার পোশাক রপ্তানিই বন্ধ না হয়ে যায়।”

২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে ‘আগুন সন্ত্রাসের’ সময়ও পোশাক খাতের যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য কাজ করেছিলেন বলে জানান শহীদুল হক।

“পোশাক খাতের জন্য পুলিশ এত শক্তিশালী ভূমিকা না রাখলে পোশাক শিল্প কোন পর্যায়ে থাকত আমি জানি না,” বলেন তিনি ।

জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, “আমরা জঙ্গি দমন করতে না পারলে এদেশের অবস্থা খারাপ হয়ে যেত। জঙ্গিদের নেটওয়ার্ক আমরা সময় মতো ভেঙে দিতে সক্ষম হয়েছি। তাদের ধ্বংস করে দিয়েছি। এখন বাংলাদেশ একটি নিরাপদ দেশ বলেই সবাই এদেশে আসতেছে।”

শহীদুল হক বলেন, “দেশে মাদকের জন্য একটি অধিদপ্তর রয়েছে। কিন্তু ৯০ ভাগ মামলা পুলিশই করেছে। প্রতি মাসে হাজার হাজার মামলা ও গ্রেপ্তার করেও কাজ হচ্ছে না।

“মাদক নিয়ন্ত্রণ করতে না পারার জন্য একা পুলিশকে দোষ দিলে হবে না। পুলিশের মধ্যে যারা জড়িত ছিল তাদেরও শাস্তি দেওয়া হয়েছে।”  

সাধারন মানুষকে সচেতন করেই মাদকের মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, চাহিদা কমে গেলে মাদকের সরবরাহও কমে যাবে।

ঢাকার যানজট নিয়ে তিনি বলেন, “প্রায় দুই কোটি মানুষের একটি শহরে প্রধান সড়ক মাত্র ৩-৪টি। মানুষের তুলনায় রাস্তা অনেক কম হওয়ায় যান সমস্যা প্রকট হয়েছে।”

সিগন্যাল পদ্ধতি স্বয়ংক্রিয় না করার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “একই রাস্তায় এক মোড়ে সবুজ বাতি আর পরের মোড়ে লাল বাতি জললে যানজট বরং বেড়ে যায়। তাই অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্যই পুলিশ দিয়ে সিগন্যাল কন্ট্রোল করা হয়।”

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, শহীদুল হক পুলিশ প্রধানের দায়িত্ব পালনকালে শিল্প পুলিশের ‘উল্লেখযোগ্য’ অবদান থাকায় পোশাক শিল্প উন্নতি করেছে।

এজন্য সদ্য সাবেক আইজিপিকে ধন্যবাদ জানান তিনি।