ঢাবিতে ছিনতাইয়ের সময় ২ ছাত্রলীগকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দুই ব্যক্তিকে মারাধর করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা পড়েছেন। পরে তাদেরকে পুলিশে দিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাসেল ও আবু বক্কর সবুজ ছিনতাইয়ের কবলে পড়েন।
রাসেলের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।
আটক মারুফ হোসেন রাষ্ট্রবিজ্ঞান ও বিল্লাল হোসেন উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মারুফ সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শাহীনের এবং বিল্লাল বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেলের অনুসারী।
প্রক্টরিয়াল বডির সহায়তায় রাতেই দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। নাম প্রকাশ অনিচ্ছুক থানার এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানিয়েছেন, রাতে তারা কলাভবনের সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি এসে তাদেরকে বলেন ‘ভাই বাঁচান’। পরে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন।
রাসেলের সহকর্মী আবু বক্কর সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ কোম্পানির পণ্য বিক্রির টাকা ক্যাম্পাসে বসে হিসাব করছিলাম আমরা। এসময় ১০-১২ জন ছেলে এসে জানতে চায় আমরা কি করছি। এরপর তারা ব্যাগে থাকা হাজার দশেক টাকা নিয়ে নেয়। বাধা দিতে গেলে রাসেলের মাথায় ইট দিয়ে আঘাত করে।
“পরে অন্যরা চলে গেলেও তারা (মারুফ ও বিল্লাল) আমাদের আবারও ইট দিয়ে মারার চেষ্টা করলে আমি চিৎকার দেই। তখন কয়েকজন এসে আমাদের উদ্ধার এবং দুইজনকে আটক করে।”
ছিনিয়ে নেওয়া টাকা ফিরে পেয়েছেন বলে জানান সবুজ।
