২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে ধৈর্য ধরার পরামর্শ বিদায়ী আইজিপির

আইজিপি হিসেবে বিদায় নেওয়ার ক্ষণে পুলিশকে নির্বাচনের বছরটিতে ধৈর্য ধরে দায়িত্ব পালনের পরামর্শ দিয়ে গেলেন এ কে এম শহীদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 05:12 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

পুরনো খবর:

ঢাকায় পুলিশকে আক্রমণ বিএনপিকর্মীদের

বুধবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “গতকাল যে ঘটনা ঘটেছে, সামনে আরও ঘটবে। পুলিশকে ধৈর্য ধরে এগুলো মোকাবেলা করতে হবে।”

একাদ সংসদ নির্বাচনের বছরের শুরুতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে মঙ্গলবার খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাই কোর্ট এলাকায় বিএনপিকর্মীরা চড়াও হয়  পুলিশের উপর।

শহীদুল হক পুলিশ প্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত জোট সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছিল। ৯০ দিনের ওই আন্দোলনে ব্যাপক নাশকতা ঘটে, যা মোকাবেলা করতে হয় পুলিশকে।

বিদায়ী আইজিপি বলেন, “যে সমস্ত ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের সপক্ষের বিরুদ্ধে এসেছিল সে ষড়যন্ত্রগুলো আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে মনোবল অটুট রেখে উত্তরণ করতে সক্ষম হয়েছি।

“২০১৩ এ ভয়াবহ পরিস্থিতি ছিল। রাজনৈতিক আন্দোলনের নামে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছিল রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছিল, পুলিশ হত্যা করা হয়েছিল, যে আতঙ্ক ছিল, সে অবস্থা থেকে উত্তরণ করতে পেরেছি।”

Image
বিদায় অনুষ্ঠানে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক

বিদায় অনুষ্ঠানে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক

জিয়া ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে মঙ্গলবার বিকালে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাই কোর্ট এলfকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা।

ওই ঘটনায় বিএনপিকর্মীদের বেধড়ক পিটুনির শিকার হন কয়েকজন পুলিশ সদস্য, ভাঙচুর হয় তাদের গাড়ি ও আগ্নেয়াস্ত্র।

অনুষ্ঠানে নতুন আইজিপি জাবেদ পাটোয়ারীর উদ্দেশে শহীদুল হক বলেন, নির্বাচনী বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনের পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

“অনেক ষড়যন্ত্র হবে, অনেক নাটক হতে পারে, এগুলোকে মোকাবেলা করে নির্বাচনের পরিবেশ বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

শহীদুল হকের বিদায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন আইজিপি পাটোয়ারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান। বক্তব্য রাখেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

Image
এ কে এম শহীদুল হক ও জাবেদ পাটোয়ারীর দায়িত্ব হস্তান্তর হচ্ছে

এ কে এম শহীদুল হক ও জাবেদ পাটোয়ারীর দায়িত্ব হস্তান্তর হচ্ছে

পুলিশ কর্মকর্তারা জানান, নতুন আইজির দায়িত্ব গ্রহণ এবং পুরনো আইজির বিদায়ের দিনে এধরনের অনুষ্ঠান এবারই প্রথম হল। এই অনুষ্ঠানের আগে মঙ্গলবার এক নৈশভোজেরও আয়োজন করা হয়।

পূর্বসূরি শহীদুল হকের কাজের প্রশংসা করে জাবেদ পাটোয়ারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, “আপনারা তাকে যেভাবে সহায়তা করেছেন, সেই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা রাখি।”

Image
নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

নতুন আইজিপি জাবেদ পাটোয়ারী

পুলিশ জনবান্ধব হওয়ার পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই পরিবর্তনের সূচনা হয়েছে  সাবেক আইজি নূর মোহাম্মদের সময় থেকে। এখনও তা অব্যাহত রয়েছে।”

পুলিশে পদোন্নতি-বদলির প্রসঙ্গে বিদায়ী আইজিপি শহীদুল হক বলেন, “তিন বছর এক মাস দায়িত্ব পালনকালে সকলকে খুশি করা সম্ভব হয়নি। কেউ পদোন্নতি পেয়েছেন, কেউ পাননি, কেউ ভালো পোস্টিং পেয়েছেন, কেউ পাননি।

“আপনাদের বুঝতে হবে বাস্তবতা হচ্ছে আইজি ইজ নট দ্য সোল অথরিটি। তাকে একটা প্রশাসনিক ফ্রেমওয়ার্কে থেকে কাজ করতে হয়।  তার উপরে আরও দুটি অথরিটি আছে। এরপর প্রেসার গ্রুপও থাকে। সব মিলিয়ে কাজ করতে হয় এবং অথিরিটির কিছু চিন্তা ভাবনা, কিছু পলিসি, কিছু গাইড লাইনও থাকে।

“তবে আমি যাদের মন রক্ষা করতে পারিনি, মনে কষ্ট দিয়েছি বা মনে করেন আপনার ডিপ্রাইভড হয়েছেন, তা হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

অনুষ্ঠানের সভাপতি মোখলেসুর রহমান বলেন,, “শহীদুল হক একজন ফুল টাইম পুলিশ ছিলেন। এটা খুবই ব্যতিক্রম। পুলিশের জন্য তিনি অনেক করেছেন।

“তবে তিনি (শহীদুল হক) বেশি প্রশংসার দাবিদার যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ, উত্তাল তরঙ্গায়িত একটি সাইক্লোন তৈরি হওয়ার মতো অবস্থায় বাংলাদেশ পুলিশকে সামনে থেকে বুকে আগলিয়ে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন।”

অনুষ্ঠান শেষে আইজির কক্ষে বসে দায়িত্ব হস্তান্তর করা হয়। পরে বিদায়ী আইজি গাড়িতে বসা অবস্থায় সহকর্মীরা প্রথা অনুযায়ী দড়ি দিয়ে টেনে সদর দপ্তরের বাইরে টেনে আনেন তাকে।

এরপর সাবেক আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তর ছাড়েন শহীদুল হক।