ঢাবিতে ‘রঙিন চশমা’ মিছিলে প্রক্টরের অপসারণের দাবি
উপাচার্য কার্যালয়ের সামনের অবস্থানে ছাত্রলীগের হামলাসহ তিনটি ঘটনায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানী ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে দাবি করে তাকে অপসারণের দাবিতে রঙিন চশমা পরে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’।
আগের দিন ধর্মঘটের পর মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে কুশপুতুল পোড়ায় তারা। এর আগে প্রক্টরের কুশপুতুল নিয়ে রঙিন চশমা পরে ক্যাম্পাসে মিছিল করে তারা।
সোমবার প্রগতিশীল ছাত্রজোটের ডাকা ছাত্র ধর্মঘটের পালনের পর সংবাদ সম্মেলনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলনে ‘ব্যর্থ প্রক্টরের’ অপসারণ দাবি করা হয়েছিল।
৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা ‘সাধারণ শিক্ষার্থী’দের উপর চড়াও হলে হামলাকারীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে ছিল বাম ছাত্র সংগঠনগুলো।
দুইদিন পর এই আন্দোলকারীরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভাংচুরের পর তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ২৩ জানুয়ারি তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা গিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে উপাচার্যকে উদ্ধার করে।
তারপর ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’।
কুশপুতুল দাহ করে এই আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রক্টর হওয়ার পর টিএসসিতে শিক্ষকদের সভায় মারামারি করে । এরপর ১৫ তারিখে প্রক্টরের সামনেই ছাত্রলীগকর্মীরা আন্দোলনরত মশিউর রহমানকে বেধড়ক পেটায়।
“১৭ জানুয়ারি কলাভবনের আন্দোলনে তিনি (প্রক্টর) ব্যর্থ হয়েছেন এবং শিক্ষার্থীদের কাছে অপারগতা প্রকাশ করে উপাচার্যের কাছে নিয়ে যান। পরবর্তীতে দেখা গেছে, তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধেই উল্টো মামলা ঠুকে দিয়েছেন।
“এই অযোগ্য প্রক্টর তার দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হয়েছেন। তার প্রমাণ হচ্ছে ২৩ জানুয়ারি উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগকে ডেকে এনে শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানিয়েছিলাম, কিন্তু পদত্যাগ করেনি। এখন আমরা এই ব্যর্থ প্রক্টরের অপসারণ চাই।”
রঙিন চশমা পরে মিছিলের কারণ তুলে ধরে আন্দোলনকারী শিক্ষার্থী চারুকলার ভাস্কর্য বিভাগের সামান্থা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রঙিন চশমা পরার কারণ হচ্ছে আমরা যখনই প্রক্টরের সাথে কথা বলতে চাই, তখন তিনি তার গেইটটা লাগিয়ে দেন। দৃশ্যত তিনি আমাদের সাথে কথা বলতে ভয় পান এবং আমাদের সাথে চোখচোখি হতে চান না। এজন্য তাকে লজ্জা থেকে বিরত করার জন্য চশমা পড়েছি।”
প্রক্টরের দিকে নিজেও তাকাতে চান না জানিয়ে এই শিক্ষার্থী বলেন, “তার সামনেই মশিউর রহমান সাদিকে মারা হল এবং ২৩ জানুয়ারি ছাত্রলীগে দিয়ে আমাদের মারা হল। আইনশৃঙ্খলা রক্ষাকারী যে প্রক্টর বডি আছে, তাদের কোনো দায়িত্ব তারা পালন করছে না। এই লজ্জায় তাদের দিকে তাকাতে পারি না।”
