ঢাবিতে হামলার প্রতিবাদে আইনজীবীদের কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সু্প্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল আইনজীবী।
সোমবার দুপুরে পালিত এ কর্মসূচি থেকে আন্দোলকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের ‘ন্যায়সঙ্গত’ দাবি মেনে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী শেখ আখতার উল-ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আইনজীবী হাসনাত কাইয়ুম, আনোয়ার হোসেন রেজা, হাসান তারিক চৌধুরী সোহেল, জ্যোতির্ময় বড়ুয়া, এম এ তাহের, হুমাউন কবীর ও আরিফুল হক রোকন।
ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি হাসান তারিক বলেন, “সারাদেশে ছাত্রলীগের সন্ত্রাস ও লুটপাট অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসন ছাত্রলীগ সন্ত্রাসীদের সহযোগীতে পরিণত হয়েছে।”
সমাবেশ থেকে হাই কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনরতদের উপর চড়াও হয় ছাত্রলীগ নেতা-কর্মীরা।
ওই ঘটনায় ছাত্রীদেরও নিপীড়ন করা হয় অভিযোগ এনে ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তির দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু হয়, যার নেতৃত্বে রয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।
দুইদিন পর এই আন্দোলকারীরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভাংচুরের পর তাদের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর গত ২৩ জানুয়ারি তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে অবরুদ্ধ করলে ছাত্রলীগ নেতা-কর্মীরা গিয়ে আন্দোলনকারীদের পিটিয়ে সরিয়ে দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, উপাচার্যের উপর সেদিন ‘আক্রমণ হয়েছিল’, আর ছাত্রলীগ গিয়েছিল তাকে উদ্ধার করতে।
অন্যদিকে উপাচার্যকে আক্রমণের অভিযোগ নাকচ করেছে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’।
