২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমপিরা থাকেন লবিতে, আর মন্ত্রীরা রুমে’

সংসদ অধিবেশনে কোরাম সঙ্কট নিয়ে গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনের জবাব দিতে গিয়ে অভিনব একটি ব্যাখ্যা দিলেন প্রধান হুইপ আ স ম ফিরোজ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 11:25 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

তিনি বলেছেন, অধিবেশন কক্ষে না থাকলেও আইনপ্রণেতারা লবিতে এবং মন্ত্রীরা তাদের কক্ষে থাকেন। তার মানে তারা সংসদে উপস্থিত থাকেন।

দশম সংসদের চার বছর পূর্তি উপলক্ষে সোমবার অনির্ধারিত আলোচনায় এই ব্যাখ্যা হাজির করেন আওয়ামী লীগের দীর্ঘদিনের এই সংসদ সদস্য।

ফিরোজ বলেন, “এই সংসদ অর্থবহ সংসদ, এই সংসদ জনগণের কল্যাণের সংসদ। অনেকে পত্রিকায় লেখেন ‘সংসদে কোরাম হয় না’।

“আমি বলতে চাই, সংসদের কোরাম সবসময় থাকে। লবি ইজ দ্য পার্ট অব দ্য হাউজ। মাননীয় মন্ত্রীরা অনেক সময় এই সংসদের ভেতর তাদের অফিসে কাজ করেন। যদি এমনটাই হয় যে সংসদে হয়ত এমপি সাহেবরা কম, তারা লবিতে থাকে। তারা মন্ত্রীর রুমে গিয়ে তাদের এলাকার কাজ করে। মন্ত্রী সাহেবরা তাদের রুমে বসে থাকে। তার অর্থ এই নয়, এই সংসদে তারা থাকে না। তারা আছে, ছিল, আমি নিশ্চিত করে বলতে পারি।”

বিএনপিবিহীন দশম সংসদে গত ১১ জানুয়ারি কোরাম ছাড়াই চলে অধিবেশন।

বিধান অনুযায়ী, কোরাম পূর্ণ করতে অন্তত ৬০ সদস্যের উপস্থিতি থাকতে হয়। কোরাম সঙ্কট হলে অধিবেশনে সভাপতিত্বকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনো সদস্য দৃষ্টি আকর্ষণ করেন তবে স্পিকার কোরাম হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।

সংসদের কার্যপ্রণালী বিধিকে সংসদ কক্ষের সংজ্ঞাও নির্ধারণ করা রয়েছে। সেই সংজ্ঞায় লবির কথা বলা নেই। সেখানে বলা হয়েছে সংসদ কক্ষ হচ্ছে, “যে স্থানে সংসদ সম্মিলিত হয়”। আর লবির সংজ্ঞায় বলা হয়েছে, “সংসদ কক্ষ সংলগ্ন অলিন্দ এবং একই প্রান্তবিশিষ্ট নির্দিষ্ট এলাকা”।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নানা ঘটনার মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই বছরের ২৯ জানুয়ারি বৈঠকে বসেন দশম সংসদ অধিবেশন।

সোমবার চার বছর পূর্ণ করল দশম সংসদ। আর এক বছর মেয়াদ রয়েছে এর।

প্রধান হুইপের পর অনির্ধারিত আলেচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “এই সংসদ খুব সফল সংসদ। গালিগালাজ, অসাংবিধানিক বক্তব্য দেওয়া, এটা সংসদ নয়। এই পার্লামেন্ট নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিল। বিএনপিসহ কয়েকটি দল অংশ না নেওয়ায় অনেকে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল।

“প্রশ্ন তুলেছিল তারা, যারা তাদের জীবনে দুয়েকটি নির্বাচন করেছেন, সেখানে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যেমন ড. কামাল হোসেন। আমি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলাম দেখেছি। তার নির্বাচন করা লাগে নাই। তিনি যখন বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তখন অবাক এবং বিস্মিত হই।”

তোফায়েল বিএনপিকে উঙ্গিত করে বলেন, “একটি দল নির্বাচনে অংশ নেয়নি। আমার দৃঢ় বিশ্বাস, তারা খুব অনুশোচনা করে।”

আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “খালেদা জিয়া নির্বাচন বর্জনের ডাক দিলেও জনগণ তাতে সাড়া দেয়নি।

“কারা নির্বাচনে আসল; কারা আসল না-সেটা তাদের বিষয়। সত্তরের নির্বাচনে তৎকালীন দেশের দ্বিতীয় প্রধান দল মওলানা ভাসানীর নেতৃত্বে বর্জন করলেও বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছিল বলেই দেশ স্বাধীন হয়েছে।”

সাবেক আইন মন্ত্রী মতিন খসরু বলেন, “বিএনপি নির্বাচনে না এসে পস্তাচ্ছে। আশা করি, এবার আসবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কোনো পথ নেই। ‘নো খালেদা জিয়া, নো ইলেকশন’- এই ভয় দেখিয়ে লাভ হবে না।”

জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “৯১ সালে আওয়ামী লীগ, ৯৬ সালে বিএনপি এবং ২০০১ সালে আবার আওয়ামী লীগ এবং ২০০৯ সালে বিএনপি সংসদ বর্জন করেছিল।

“সত্যিকার অর্থে এই সংসদই কার্যকরভাবে চলছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ না নিলে দেশে গৃহযুদ্ধ হত। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সংসদ হয়েছে, এটাই ১৯৯১ সালের পর একমাত্র কার্যকর সংসদ।”

বিরোধী দলের কাজী ফিরোজ রশীদও অতীতের সব সংসদের তুলনায় বর্তমান সংসদকে কার্যকর বলে দাবি করেন।

তিনি বলেন, “যারাই বিরোধী দলে থেকেছে নানা অজুহাতে বর্জন করেছে। সরকারের অনেক সমালোচনা এই সংসদে হলেও কোনও শব্দ এক্সপাঞ্জ করতে হয়নি। বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ওয়াকআউট করলেও বর্জন করেনি।”

এসময় তিনি অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার বিরুদ্ধে সময় না দেওয়ারও অভিযোগ তোলেন।

তিনি আরও বলেন, “সংসদীয় কমিটিতে একজন সভাপতির পদ দিয়েছেন। রাষ্ট্রের সব সুযোগ সুবিধা সরকারি দল নিলেও বিরোধী দলকে বঞ্চিত করা হয়েছে। প্লটের আবেদন করা হলেও দেওয়া হয়নি।”

আলোচনার শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী বলেন, “দীর্ঘ জীবন পরিক্রমায় নবম ও দশম সংসদের চেয়ে অর্থবহ সংসদ এর আগে দেখিনি। এই সংসদে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা বিরল ইতিহাস। সারাবিশ্বব্যাপী এই সংসদের যে প্রশংসা হয়েছে, তা আগের কোনো সংসদের আমলে হয়নি।”

এই সম্পর্কিত আরও খবর

সংসদে সরকারি দলও ছিল নিজেদের সমালোচনায়  

পুরনো খবর:

কোরাম ছাড়াই চলল সংসদ