সংসদে সরকারি দলও ছিল নিজেদের সমালোচনায়
বাজেট আলোচনায় খোদ সরকারি দলের পক্ষ থেকে অর্থমন্ত্রীর সমালোচনা, বিচার বিভাগের সঙ্গে সরকারের টানাপড়েন, পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে সরব ছিল ২০১৭ সালের সংসদ।
বিএনপিবিহীন দশম জাতীয় সংসদে কয়েকটি বিষয়ে সরকারি দলের সদস্যরা সরব ছিলেন বিরোধী দলের মতোই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তা দেখে বলতে হয়েছে, “কথা শুনলে মনে হয় না কারা বিরোধী দল, আর কারা সরকারি দল।”
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নানা ঘটনার মধ্যে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ওই বছরের ২৯ জানুয়ারি বৈঠকে বসেন দশম সংসদ অধিবেশন।
সোমবার চার বছর পূর্ণ করল দশম সংসদ। আর এক বছর মেয়াদ রয়েছে এর।
সংসদে অর্থপূর্ণ কোনো আলোচনা হয় বলে বিএনপির দাবির প্রেক্ষাপটে সরকারি ও বিরোধী দল উভয়ের পক্ষ থেকেই বলা হচ্ছে,, সংসদে খোলা মনে কথা বলতে পারেছেন সংসদ সদস্যরা। আর এটাকে অন্য যে কোনো সংসদের চেয়ে গুণগত পরিবর্তন বলতে চাইছেন তারা।
গত বছর সংসদের প্রথম অধিবেশন বসে ২২ জানুয়ারি। ওই দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
৩২ কার্যদিবসের দীর্ঘ এই অধিবেশনে পুরো সময় জুড়ে ২৩১ জন সংসদ সদস্য ৬৪ ঘণ্টার বেশি সময় ধরে এই প্রস্তাবের উপর আলোচনা করেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এত সময় ধরে আলোচনা এটাই রেকর্ড।
এই অধিবেশন চলাকালীন মারা যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেন গুপ্ত।
বাজেট অধিবেশন ছাড়া অন্যান্য অধিবেশনে বেশ কয়েকবার বিচার বিভাগ ও সরকারের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন সংসদ সদস্যরা, যাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এক অধিবেশনের সমাপনী ভাষণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিষয়টি নিয়ে কথা বলেন।
২০১৭ সালের বাজেট অধিবেশনে সঞ্চয়পত্রে সুদের হার এবং ব্যাংক আমানতের ওপর সুদের বাড়তি হারের জন্য বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রীরাও তাদের সহকর্মী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ নিয়ে ছিলেন উচ্চ কণ্ঠ।
একই সঙ্গে ভ্যাট, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে বিরোধী দলের পাশাপশি সরকারি দলের সদস্যরাও কথা বলেছেন।
সরকারি দলের সদস্য হয়েও সংসদে সরকারের সমালোচনার প্রসঙ্গে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু দিক থেকে এই প্রবণতা পজেটিভ। কারণ প্রত্যেকেই জনপ্রতিনিধি। তাদের নির্বাচনী এলাকায় মানুষের সাথে তাদের যোগাযোগ করতে হয়। সরকারের যে কোনো সিদ্ধান্তের প্রতিক্রিয়া তারা সরাসরি পাচ্ছেন। সেই কথাটিই একজন এমপি সংসদে তুলে ধরছেন। সেদিক থেকে এটা ইতিবাচক।”
প্রধান বিরোধী দল জাতীয় পার্টিকে অনেকে ‘গৃহপালিত’ বললেও দলটির নেতারা দাবি করছেন, তারা সরকারকে কোনো ছাড় দেননি।
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একটি কথাও এক্সপাঞ্জ হয়নি। কারণ তীর্ষক ভাষায় আমরা কথা বললেও সংসদীয় ফ্রেমওয়ার্কের ভেতরে থেকে বলি।
“আমরা প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীকে তুলোধুনো করেছি, আবগারি শুল্ক, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেছি। কোনো কিছুতে ছাড় দিইনি।”
“এখন বলতে পারেন আমাদের তিনজন মন্ত্রী আছে। এসব কথা ওঠে। আমরা সরকারের ভালো কাজের সমর্থন দিয়েছি, মন্দ কাজের ক্ষেত্রে ছাড় দিইনি। সরকার অনেক সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে। একমাত্র সংসদে গঠনমূলক আলোচনা হয়েছে বলেই এটা সম্ভব,” বলেন জাতীয় পার্টির এই নেতা।
সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব দলের এমপিরা স্বাধীনভাবে এই সংসদে কথা বলতে পারে। খোলামেলা আলোচনা হয়। সেক্ষেত্রে এই সংসদ অন্য যে কোনো সংসদের চেয়ে গুণগত দিকে থেকে এগিয়ে আছে।
“সরকারের ভুল-ত্রুটি থাকবেই। সেগুলো নিয়ে যখন আলোচনা হবে তখন সংসদ প্রাণবন্ত হবে, সরকারও তার কাজের ক্ষেত্রে আরও নিজেকে যাচাই করে নেবে।”
চলতি বছরে সেপ্টেম্বরে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে একটি প্রস্তাব গ্রহণ করা হয়।
তবে এর আগে বিষয়টি বিভিন্ন সময়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায় নিয়ে উত্তপ্ত হয় সংসদ। গত ৯ জুলাই অধিবেশনে এ নিয়ে আদালতের প্রতি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
এছাড়া রোহিঙ্গা ইস্যু, ২৫ মার্চ গণত্যা দিবস, ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি এবং গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য আইন করার একটি প্রস্তাব সংসদে গৃহীত হয়েছে।
এর বাইরে চলতি বছরই বাংলাদেশ জাতীয় সংসদের তত্ত্বাবধানে ও আয়োজনে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সেটাকে চলমান দশম সংসদের সাফল্য হিসেবেই বলে আসছেন সংসদ সদস্যরা।
সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও চলতি বছর গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, তার আসনে উপ নির্বাচনে জয়ী গোলাম মোস্তফা আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা গেছেন।
চলতি বছর সংসদে মোট ২৪টি বিল পাস হয়েছে। যার মধ্যে আলোচিত ছিলো বাল্য বিবাহ নিরোধ বিল। বিলটিতে বিভিন্ন মহলের আপত্তির মুখে ‘বিশেষ প্রেক্ষাপটে’নারী-পুরুষের বিয়ের বয়সে ছাড়ের বিধান রেখে পাস হয়। রাজনৈতিকসহ বিভিন্ন মহলে বিলটি নিয়ে সমালোচনা ছিল।
এছাড়া সংসদে উত্থাপিত একই পরিবার থেকে চারজনকে ব্যাংকের পরিচালক করার সুযোগ দিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনও হয় ব্যাপক সমালোচনার মধ্যে। জাতীয় পার্টি এসময় ওয়াকআউটও করেছিল।
গত ১৮ জুন কোরাম সঙ্কটের কারণে প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয় সংসদের অধিবেশন। ওইদিন নির্ধারিত সময়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ কক্ষে উপস্থিত হলেও অধিবেশন শুরু করা যায়নি। এছাড়া মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বিভিন্ন সময় সংসদে ক্ষোভ ও উষ্মা প্রকাশ করে।
এক নজরে ২০১৭ সালের সংসদ
# পাঁচটি অধিবেশন বসেছে সংসদের, যাতে মোট কার্যদিবস ছিল ৭৬টি। দশম সংসদের এখন পর্যন্ত ১৮টি অধিবেশনে কার্যদিবস ছিল ৩২৭টি।
# বিল পাস হয়েছে ২৪টি।
# প্রধানমন্ত্রীর জন্য প্রশ্ন জমা পড়েছিল ৬৬৮টি, যার মধ্যে তিনি উত্তর দিয়েছেন ২৪৫টির।
# অন্য মন্ত্রীদের জন্য ১১ হাজার ৩৫৬টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৭ হাজার ২১৮টির।
সক্রিয় নয় কমিটিগুলো
সংসদীয় কমিটিগুলোর প্রত্যেক মাসে একটি করে বৈঠক করার থাকলেও অনেক কমিটিই তা করেনি।
সংসদে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি স্থায়ী কমিটি আছে।
দশম সংসদের প্রথম অধিবেশনেই কমিটিগুলো গঠন হয়েছিল। সেই হিসাবে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত প্রতিটি কমিটির ন্যূনতম ৪৬টি বৈঠক হওয়ার কথা।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিগুলোর মধ্যে নৌপরিবহন কমিটি ৪৮টি বৈঠক করেছে। মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বাইরে সর্বাধিক ৭৩টি বৈঠক করেছে সরকারি হিসাব সম্পর্কিত কমিটি।
২০১৭ সালের শেষে এসে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক ছিলো সব চেয়ে কম ১৬টি। এরপরে অবস্থান করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি ১৮টি। আগের বছর ওই কমিটি মাত্র দুটি বৈঠক করে।
