২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরাম ছাড়াই চলল সংসদ

সংসদে বৃহস্পতিবারের অধিবেশনে এক পর্যায়ে কোরাম ছিল না, তা যে নেই তাও ছিল না কারও নজরে, ফলে অধিবেশন চলেছে বিরতিহীন।

সাজিদুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2018, 08:30 PM

Updated : 19 Aug 2022, 01:23 PM

বিএনপিবিহীন দশম সংসদের উনবিংশতম অধিবেশনের চতুর্থ কার্যদিবসে ঘটে এই ঘটনা।

বৃহস্পতিবার বেসরকারি সদস্য দিবসে বিকাল সাড়ে ৪টায় সংসদ অধিবেশন শুরু হয় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে।

মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন অধিবেশন কক্ষে ছিলেন।

প্রশ্নোত্তর পর্ব শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধির নোটিসগুলো নিষ্পত্তি করে।

নোটিস দেওয়া অধিকাংশ সদস্যই ছিলেন অনুপস্থিত। এক পর্যায়ে বিরোধী দলের হুইপ নুরুল ইসলাম ওমরের একটি নোটিসের জন্য ডেপুটি স্পিকার তার দৃষ্টি আকর্ষণ করলেও ওই সদস্য তা শুনতে পাননি। আশপাশের সহকর্মীদের সঙ্গে কথা বলায় মনোযোগী ছিলেন তিনি।

এক সময় ফজলে রাব্বী মিয়া তাকে সংসদে মনোযোগী হওয়ার জন্য ওমরকে অনুরোধ জানান।

বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব চলাকালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অধিবেশন কক্ষে উপস্থিত সদস্য সংখ্যা ডেপুটি স্পিকারসহ ৫৮তে নেমে আসে।

মন্ত্রীদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া টেকনোক্রেট মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিও উপস্থিত ছিলেন।

বিধান অনুযায়ী, কোরাম পূর্ণ করতে অন্তত ৬০ সদস্যের উপস্থিতি থাকতে হয়।

কোরাম সঙ্কট হলে অধিবেশনে সভাপত্বিকারীর দৃষ্টি আকর্ষণ করতে হয়। যদি কোনো সদস্য দৃষ্টি আকর্ষণ করেন তবে স্পিকার কোরাম হওয়ার জন্য ৫ মিনিট ধরে ঘণ্টা বাজানোর নির্দেশ দেবেন। এর মধ্যে কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি রাখবেন।

বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব জমা দেন পাবনার সংসদ সদস্য শামসুল হক টুকু, চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও দিদারুল আলম, ঢাকার এম এ মালেক এবং ফেনীর রহিম উল্লাহ। এর মধ্যে প্রথম তিনজনই অধিবেশন কক্ষে অনুপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বেও প্রশ্নকারী একাধিক সদস্যও অনুপস্থিত ছিলেন। এরমধ্যে শুরুর প্রশ্নকারী মৌলবীবাজারের আব্দুল মতিন অনুপস্থিত ছিলেন। তিন নম্বর প্রশ্নকারী আ খ ম জাহাঙ্গীর হোসাইনও ছিলেন না।

কোরাম সঙ্কটে অধিবেশন চালিয়ে গেলেও নির্ধারিত সময়ের আগেই রাত ৮টা ২০ মিনিটে অধিবেশন রোববার পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার।

তখন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলছিল। একাধিক সদস্যের বক্তব্য দেওয়ার কথা থাকলেও একজনকে সুযোগ দিয়ে অধিবেশন মুলতবি করেন ফজলে রাব্বী মিয়া।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদ সদস্যদের উপস্থিতি কম বলে একটু আগে অধিবেশন মুলতবি হয়েছে।

পুরনো খবর:

সংসদের দুই বছর: এখনও পরিচয় সঙ্কটে বিরোধী দল
না থাকা বিএনপির কথাই সংসদে ৭ হাজার বার: টিআইবি