রাষ্ট্রপতি নির্বাচন: ৩৪৮ ভোটারের তালিকা সংসদ সচিবালয়ে
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে প্রকাশিত ভোটার তালিকা সংসদ সচিবালয়ের পাঠিয়েছে নির্বাচন কমিশন। গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়ার শূন্য আসন বাদ দিয়ে বাকি ৩৪৮ জন সাংসদ এবার ভোটার হিসাবে রয়েছেন।
ভোটারের নাম ও নির্বাচনী এলাকার উল্লেখ রয়েছে এই ভোটার তালিকায়। ওই তালিকা ইসির নোটিস বোর্ডেও টানিয়ে দেওয়া হয়েছে।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের স্বাক্ষরে ওই ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশের পর সোমবার তা সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবরে পাঠানো হয়।
আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের চতুর্থ তলায় নির্বাচনী কর্মকর্তার কক্ষে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
এরপর ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্রা প্রত্যাহার করা যাবে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ওই তারিখেই ভোটার তালিকার গেজেটে প্রকাশ করা হয়।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ‘প্রকাশ্য’ ভোটে। আর প্রধান নির্বাচন কমিশনার তাতে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।
সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী (আবদুর রহমান বিশ্বাস ও বদরুল হায়দার চৌধুরী) হওয়ায় একবারই রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে হয়েছিল। এরপর সব সময় সরকার সমর্থিত দলের একক মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে এসেছে।
আইনের সপ্তম ধারায় বলা হয়েছে- নির্বাচনী কর্মকর্তা নির্ধারিত দিন, সময় ও স্থানে মনোনয়নপত্র পরীক্ষা করবেন। প্রার্থী একজন হলে এবং পরীক্ষায় তার মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে কমিশন তাকে নির্বাচিত ঘোষণা করবে। তবে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলে নির্বাচনের জন্য তাদের নাম ঘোষণা করবে ইসি।
একাধিক প্রার্থী হলে ১৮ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনী কর্মকর্তা ভোটের আয়োজন করবেন। নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের সই দিয়ে তা জমা দেবেন সাংসদরা।
ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।
