অবৈধ সম্পদ অর্জনের মামলায় মেয়র সাক্কুর জামিন
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জামিন পেয়েছেন।
মনিরুল হক সাক্কু (ফাইল ছবি)
শুনানি শেষে মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।
চার কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও এক কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপন করে দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন সাক্কু।
ওই অভিযোগে ২০০৮ সালের ৭ জানুয়ারি রাজধানীর রমনা থানায় দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ মামলা করেন। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সাক্কুর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
গত বছরের ১৮ এপ্রিল মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা সাক্কুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।
২১ নভেম্বর এই মামলা থেকে তাকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহম্মদ।
দুদক ওই আদেশ চ্যালেঞ্জ করলে বিশেষ আদালতের আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত ৪ জানুয়ারি রুল জারি করে হাই কোর্ট।
একই সঙ্গে জামিন বাতিল করে মেয়র সাক্কুকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। পাশাপাশি বিচারিক আদালতে সাক্কু জামিন চাইলে তা বিবেচনা করতে বলেছিল আদালত।
