মাদকের বিরুদ্ধে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ হাই কোর্টের
ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্য পরিবহন, বিতরণ ও সেবনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশের সব জেলার ডিসি এসপিকে অবহিত করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সেইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও বান্দরবানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ সব ধরনের মাদকের অবৈধ প্রবেশ বন্ধের ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক প্রথম আলোতে ‘ইয়াবার গ্রামে কোটিপতি বাসিন্দা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।
আদালত এক মাস পর পিবিআইকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে। বিষয়টি ১ মার্চ পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে।
ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য অবাধে প্রবেশ, পরিবহন ও অবৈধভাবে বাজারজাতকরণ রোধে বিবাদীদের ‘ব্যর্থতায়’ কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, টেকনফের ওসি এবং টেকনাফের ইউএনওকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদেশের আগে বিচারক বলেন, “টেকনাফ হয়ে কক্সবাজার থেকে আসতে চারবার তল্লাশি করা হয়। চারবার তল্লাশি করার পরও কাদের গাড়িতে করে ইয়াবা আসে? নাফ নদীর ৭৬ মাইল সীমান্তজুড়ে আইনরক্ষাকারী বাহিনী অনেক তৎপর। তারপরও অবাধে ইয়াবা আসছে এটা খুবই দুঃখজনক। শুধু ওখানেই না, সারাদেশে তা ছড়িয়ে পড়ছে। ফলে গোটা জাতি আজ আক্রান্ত।”
পত্রিকাটির প্রতিবেদন থেকে উদ্ধৃত করে আদালত আদেশে বলে, “দেশের সর্বত্র মাদক পরিবহন, বিপণন ও অবৈধ বাজারজাতকরণ নিয়ন্ত্রণে আইন রক্ষাকারী বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়।”
আদালত আদেশে বলে, প্রকাশিত ওই প্রতিবেদনটিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইয়াবার চালান টেকনাফের সীমান্ত দিয়ে প্রবেশ করে। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল একটি অংশ এখন টেকনাফ সীমান্তে। তার পরও ইয়াবাসহ মাদকের অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রাষ্ট্রপক্ষে এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
