পাট-রেশমের ট্যাপেস্ট্রিতে চিরায়ত বাংলার দৃশ্যপট
চিরায়ত ফর্ম ভেঙ্গে ট্যাপেস্ট্রিতে পাশ্চাত্যের উত্তর-আধুনিকতার সঙ্গে লোকজ ফর্মের মিশেলে ফুটে উঠেছে আবহমান বাংলার লোকজ জীবনচিত্র।
স্মৃতিকাতর শিল্পী পরম ভালোবাসায় পাট-রেশমের মিশ্রণে বুননে ট্র্যাপেস্ট্রিতে বলে গেছেন বাঙালির জীবনযুদ্ধের গল্প।
বাংলাদেশের চিত্রকলায় ট্র্যাপেস্ট্রিকে জনপ্রিয় করে তোলায় অন্যতম পথিকৃৎ প্রয়াত শিল্পী রশিদ চৌধুরীর এমন সব শিল্পকর্ম নিয়ে রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হয়েছে একক প্রদর্শনী।
রোববার বিকালে ১৪ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিশেষ অতিথি ছিলেন রশিদ চৌধুরীর ছোট ভাই মেজর (অব.) জুলফিকার এইচ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। সভাপতিত্ব করেন চিত্রশিল্পী রফিকুন নবী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “ছোটবেলায় ছবি আঁকার চেষ্টা করতাম। তার সঙ্গে পরিচয় হয়নি কখনো। তবে সংসদ ভবনে গিয়ে রশীদ চৌধুরীর কাজ প্রথম দেখি। পরে এ শিল্পী সম্পর্কে জানতে পারি। তার শিল্পভুবন যে শিল্পীকে অনুপ্রেরণা জোগাবে, সন্দেহ নেই।”
শিল্পী রফিকুন নবী বলেন, “ট্যাপেস্ট্রি শিল্পকর্মে রশীদ চৌধুরী সারা বিশ্বের প্রথম সারির শিল্পী। পঞ্চাশের দশকে বাঙালি রেনেসাঁর যে উদ্ভব ঘটেছিল রশীদ চৌধুরী ও তার বন্ধুরা ছিলেন অগ্রগণ্য।”
গ্যালারি চিত্রকের পরিচালক মো. মনিরুজ্জামান জানান, তিন দশক আগে চলে যাওয়া শিল্পকলার অন্যতম পথিকৃৎ রশিদ চৌধুরীর নানা সময়ে নির্মিত ট্যাপেস্ট্রি নিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের আঁকা পেইন্টিং ও ট্যাপেস্ট্রি মিলিয়ে ৪২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।দুই সপ্তাহের এ প্রদর্শনী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
রশীদ চৌধুরী একসময় সাহিত্যচর্চাও করেছেন। তার কিছু হৃদয়গ্রাহী কবিতা আছে; ষাটের দশকের শেষ দিকে তিনি তরুণ কবি-প্রকৌশলী-স্থপতিদের একটি দল নিয়ে বিদ্রোহী ‘না’ গ্রুপ সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
