২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে প্লট-ফ্ল্যাট পেয়েছেন ১৭৯ এমপি

গত চার বছরে ১৭৪ সংসদ সদস্যকে প্লট এবং পাঁচজনকে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 08:59 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রোববার সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানালেও এগুলো প্লট/ফ্ল্যাট কাদের দেওয়া হয়েছে তা জানাননি তিনি।

একই সময়ে সারা দেশে ২৫৪ জন মুক্তিযোদ্ধা প্লট পেয়েছেন বলেও জানান গৃহায়নমন্ত্রী।

জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে মোশাররফ জানান, বর্তমান সরকারের আমলে রাজধানী, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ১৭৯ জন সংসদ সদস্য প্লট ও ফ্ল্যাট পেয়েছেন।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পাঁচ সংস্থার মাধ্যমে গত চার বছরে মোট ৫ হাজার ৫৯৯টি প্লট এবং ৯ হাজার ৯২৮টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে, যার মোট বিক্রয় মূল্য ৪ হাজার ৮২৩ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা।

২০১৬ সালের অক্টোবর মাসে মন্ত্রী সংসদে বলেছিলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নতুন করে আবাসিক প্রকল্প করছে। সেখানে নতুন সংসদ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া হবে।

জাসদের নাজমুল হক প্রধানের প্রশ্নের জবাবে গৃহায়নমন্ত্রী জানান, চার বছরে মোট ২৫৪ জন মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ হয়েছে।

এর মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজশাহী, কুষ্টিয়া, সিলেট, খুলনা ও চট্টগ্রামে ১ দশমিক ৭৪ কাঠা থেকে সর্বোচ্চ পাঁচ কাঠার প্লট পেয়েছেন মোট ১৩৭ জন মুক্তিযোদ্ধা। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে তিন কাঠা থেকে পাঁচ কাঠার প্লট পেয়েছেন ৫২ জন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে একই আকারের প্লট পেয়েছেন ৪৩ জন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ১৭ জন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে চারজন মুক্তিযোদ্ধা প্লট পেয়েছেন।

সংরক্ষিত আসনের ফিরোজা বেগম চিনুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সমস্যা সমাধানের লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের দুটি প্রকল্পের ৫২৪টি ফ্ল্যাট চলতি অর্থবছরে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শেরেবাংলা নগরে বহুতল বিশিষ্ট ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়া বিচারপতিদের জন্য তৈরি করা সুউচ্চ আবাসিক ভবনে রয়েছে ৭৬টি ফ্ল্যাট।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে আরও দুটি প্রকল্পের মাধ্যমে ৯৮৮টি ফ্ল্যাট হস্তান্তর করবে সরকার। এর মধ্যে আজিমপুরে ৪৫৬ ও মতিঝিলে ৫৩২টি ফ্ল্যাট দেয়া হবে। এছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ লালমাটিয়ার নিউ কলোনি ও হাউজিং এস্টেটে ২৭৯টি ফ্ল্যাট নির্মাণ করছে। যার মধ্যে ৫৪টি নিজস্ব কর্মচারীদের কাছে বিক্রি করা হবে।