পরীক্ষার সময় ফেইসবুক বন্ধের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
প্রশ্ন ফাঁস ঠেকাতে আসন্ন এসএসসি পরীক্ষার দিনগুলোতে সীমিত সময়ের জন্য ফেইসবুক বন্ধের কথা বললেও এখন সে অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা প্রশ্নপত্র যখন স্কুলে পৌঁছাই কিছু শিক্ষক রয়েছে তারা বিলির আগেই প্রশ্ন খুলে ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের কাছে পাঠিয়ে দেন। এ কারণে আমরা বলেছি, এই পথটা আমাদের বন্ধ করতে হবে।
“আমরা বলেছি, আমরা বিটিআরসির সঙ্গে আলাপ করব- তারা কোনো সহযোগিতা করতে পারেন কি না। একটি সীমাবদ্ধ সময়ের জন্য বন্ধ (ফেইসবুক) রাখতে পারেন কি না। এটা আমরা আলাপ করব। আমরা আলাপ করেছি তারা বলেছে, বিভিন্ন পদ্ধতিতে এগুলো আসে। পরীক্ষার সময়টায় তারা লোক নিয়োগ করে রাখবেন। এ ধরনের কিছু হলে তারা সঙ্গে সঙ্গে জানাবেন, যাতে পুলিশ ব্যবস্থা নিতে পারে সেই ব্যবস্থা তারা করবেন।”
গত কয়েক বছর ধরে বিভিন্ন পাবলিক পরীক্ষার আগের রাতে ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ছে। পরীক্ষার সকালে বিভিন্ন ফেইসবুক পেইজ ও গ্রুপে প্রশ্নের সঙ্গে উত্তরও মিলছে।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা গত ২৩ জানুয়ারি সাংবাদিকদের জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তবে রোববার সংসদে প্রশ্নোত্তরে ফেইসবুক বন্ধের বিষয়টি বলার কথা অস্বীকার করেন মন্ত্রী।
তিনি বলেন, “আমরা বন্ধ করে ফেলব এটা বলতে পারি না। কারণ এই ক্ষমতাও আমাদের নেই। আবেদন করেছি। উত্তর দিয়েছেন, তারা (আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসি) সহযোগিতা করবে। বন্ধ না করেও তারা অন্য পদ্ধতিতে করতে পারেন। তারা বিবেচনা করবেন সীমাবদ্ধ সময়ের জন্য করা যায় কি না।
“এ ক্ষেত্রে তারা কী করতে পারবেন তারা ভেবে দেখবেন।”
নাহিদ বলেন, “যেহেতু এই মাধ্যমগুলো অপরাধীরা কাজে লাগায় সেই কারণে আমাদের এই রকম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আমরা অবশ্যই জনগণের কোনো ব্যাঘাত সৃষ্টির জন্য বলিনি। অপরাধীদের কী করে বিরত রাখা যায় সেই উদ্দেশ্যে বলেছি।”
প্রশ্নোত্তরে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী থাকা অবস্থায় সারা দেশে অসংখ্য বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়। বর্তমানে এমন ৬৫ হাজার সংস্থার তালিকা পাওয়া গেলেও সক্রিয় রয়েছে ৩৭ হাজার।
“এদের বিষয়ে জেলাওয়ারি হিসাব নেওয়ার কাজ চলছে। পাশাপাশি এদের কার্যক্রম পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।”
