২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মলাটে জনস্বার্থের ৪৭ মামলার রায়

জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন সময় উচ্চ আদালতের দেওয়া প্রায় অর্ধশতাধিক মামলা রায়ের সংকলন নিয়ে প্রকাশিত হল ‘জনস্বার্থ মামলার রায়’ নামের একটি বই ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 06:33 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে আইনজীবী মনজিল মোরসেদ সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জুল ইসলাম।

২০০৬ সাল থেকে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের উদ্যোগে জনস্বার্থ সংশ্লিষ্ট ২৮০ মামলা করা হয়েছে। এর মধ্যে ৮০টি মামলার রায় দিয়েছে উচ্চ আদালত। এসব অধিকাংশ মামলায় শুনানি করেছেন সংগঠনটির সভাপতি মনজিল মোরসেদ।

প্রকাশিত বইটিতে ৪৭টি মামলার রায় সংকলিত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মনজিল মোরসেদ।

হাক্কানী প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য ৮০০ টাকা। তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে চলা বই মেলায় ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বইটি ৩০০ টাকা ছাড়ে কেনা যাবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মনজিল মোরসেদ ছাড়াও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, মওদুদ আহমদ, এবিএম নুরুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জুল ইসলাম বলেন, “মনজিল মোরসেদের নেতৃত্বে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ যে কাজটা করেছে এটি একটা বড় অর্জন। বইটি আমাদের আইনজীবীদের জন্য একটা গাইডেন্স হয়ে থাকবে।”

তিনি বলেন, “কেন যেন একটা অশনিসংকেত বারে বারে সংবিধানের উপর ধাক্কা দেয়। কিন্তু আমি আশাবাদী, মানুষের যে বেদনা, যে আকুতি সেটা মনজিল মোরসেদের নেতৃত্বে যারা আছেন, তারা বিচারপতিদের কাছে পৌঁছে দেবেন।”

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, “পিস অ্যান্ড হিউম্যানিটি এবং জনস্বার্থে মামলা, এই দুটি চমৎকার কাজ করেছেন মনজিল মোরসেদ। পাশাপাশি বিচারক নিয়োগে জনমত সৃষ্টি করতে তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন সবাই মিলে তা এগিয়ে নেওয়া দরকার।”

বিএনপি নেতা ও আইনজীবী মওদুদ আহমদ জনস্বার্থ সংশ্লিষ্ট মামলার রায়গুলো বাস্তবায়নের জন্য ফলোআপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “ভারতে যেটা আছে, আমাদেরও কয়েকটা কোর্ট করে যে, রায় বাস্তবায়নের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়ে থাকে। সরকারকে বলা হয়ে থাকে, তিন বা ছয় মাস পর রিপোর্ট দালিখ করবেন, ওই ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হলে এসব মামলা আরও বেশি কার্যকর হবে।”

জনস্বার্থের মামলাগুলো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী ও বিচারপতিদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় ‍দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

বইটির সম্পাদক মনজিল মোরসেদ বলেন, “অনেক আইনজীবী বলছিলেন- যে রায়গুলো হচ্ছে সেগুলো একসাথে থাকলে সুবিধা হয়। এই বইতে যে রায়গুলো আছে এসবের অনেকগুলোই কার্যকর হয়েছে। এই বইয়ে যা আছে এর সকল কৃতিত্ব পিটিশনার-আইনজীবীর মধ্যে রাখছি না, এর কৃতিত্ব যারা রায় দিয়েছেন তাদের।

জনস্বার্থে মামলার দ্বার উন্মোচন করার ক্ষেত্রে হাই কোর্টের যে রুলস, সেটা ভারতের চেয়ে বাংলাদেশের আদালত বেশি পালন করছে বলে মনে করেন তিনি।

এর ফলে জনগণের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে জানিয়ে মনজিল মোরসেদ বলেন, “প্রতিদিন শত শত মানুষ প্রত্যাশা নিয়ে আসে, কীভাবে জনস্বার্থ মামলাগুলো থেকে প্রতিকার পাওয়া যায়। আমরা আমাদের সীমিত ক্ষমতা থেকে যতটুকু পারি চেষ্টা করছি; ভবিষ্যতেও করে যাব।”

অনুষ্ঠানে হাই কোর্টের একাধিক বিচারপতি ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।