উইলস লিটল ফ্লাওয়ারে চালু হল দুদকের ‘সততা স্টোর’
শিক্ষার্থীদের মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে ঢাকায় প্রথমবারের মত একটি স্কুলে দুর্নীতি দমন কমিশশের ‘সততা স্টোর’ চালু হল।
রোববার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ইউএনডিপির সহযোগিতায় দুদকের এ স্টোরের কার্যক্রম শুরু হয়। ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুদকের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছয়শর বেশি ‘সততা স্টোর’ খোলা হয়েছে।
এসব স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য সাজানো আছে। সেখানে পণ্যে কেনা ও মূল্য পরিশোধের নিয়মাবলী নিয়ে দুটি তালিকা রয়েছে, কিন্তু কোনো বিক্রেতা নেই।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ‘সততা স্টোর’ উদ্বোধন করে কমিশনার আমিনুল ইসলাম বলেন, “এটা আমাদের দুর্নীতি প্রতিরোধমূলক কাজ, দুদক আইনের মধ্যেই এটি আছে। সততা স্টোরের মাধ্যমে বাচ্চাদের মধ্য আমরা সততার চর্চা সৃষ্টি করতে চাই। যে চর্চার মাধ্যমে তারা ভবিষতে দেশের দায়িত্ব নিয়ে চিন্তা করবে যে, ‘আমি একবার সততার শপথ নিয়েছিলাম’।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মত শিক্ষা প্রতিষ্ঠানেও দুর্নীতি রয়েছে।
“দুর্নীতিটা ছড়িয়ে গেছে আমরা সকলেই জানি। স্কুল পর্যায়েও দুর্নীতি আছে, ভর্তি থেকে শুরু করে, কোচিং থেকে শুরু করে... মূলত স্কুলে যে পড়াশুনার প্রয়োজন, সেটা কিন্তু বহু জায়গায় স্কুল কর্তৃপক্ষ দিতে পারছে না। তাদের সঙ্গে অভিভাবকদের ভালো সম্পর্ক নেই।
“শিক্ষক-ছাত্রের মধ্যে যে সুন্দর একটি সম্পর্ক, সেটি নেই; শিক্ষা এখন মূলত অর্থের সঙ্গে সম্পর্কিত; টাকা আছে শিক্ষা আছে। শিক্ষা অনেকটা সেই কেনাবেচার পর্যায়ে চলে গেছে।”
আমিনুল ইসলাম বলেন, তারা চেষ্টা করছেন, যেন শিশুদের মধ্যে থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আসে।
সবার মধ্যে এই মানসিকতা তৈরি করতে পারলে তারাই শিক্ষার পরিবেশে ঠিক করতে পারবে বলে মনে করেন এই দুদক কমিশনার।
দেশে ছয়শর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিকতায় গুণগত পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলে, “বিভিন্ন সময় গণমাধ্যমে শিক্ষার্থীদের সততার খবর প্রকাশিত হচ্ছে। শিক্ষার্থীরা তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি কি ঘুষ খাও? সেই অভিভাবক অনুতপ্ত হয়ে আমাদের কাছে চিঠিও লিখেছেন।”
সততা স্টোর উদ্বোধনের সময় দুদকের মহাপরিচালক মো. আতিকুর রহমান খান ও মো. জাফর ইকবাল, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহাম্মদ আরিফুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে স্কুলের মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নেন তারা।
