২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছে পরিবেশ আন্দোলনের চারটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 01:29 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শব্দ দূষণ এখন জীবন-বিনাশী শব্দ সন্ত্রাসী; গভীর সংকটে আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্য! সমাধানের উপায় কী?’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ও সুন্দর জীবন সভার যৌথ আয়োজক।

বাপার যুগ্ম সম্পাদক এম সিরাজুল ইসলাম মোল্লা বলেন, “ঢাকা শহরের বিভিন্ন স্থানে শব্দ দূষণের মাত্রা ৮০ থেকে ১০০ ডেসিবল। কোনো কোনো স্থানে ১১০ ডেসিবলের চেয়ে বেশি। এই মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলছে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত শব্দ দূষণের মাত্রা ৪০ থেকে ৫০ ডেসিবলের কথা উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু ঢাকা শহরে শব্দদূষণের মাত্রা বেড়েই চলছে, এতে করে জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়েছে।”

শহরে সাধারণত গাড়ির হর্ন, আবাসিক এলাকায় নির্মাণকাজ ও কলকারখানা শব্দ দূষণের প্রধান উৎস বলে তিনি মন্তব্য করেন।

“গায়ে হলুদ, বিয়ে, খৎনা, জন্মদিন ও নববর্ষসহ বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে অতি উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী সাউন্ড ব্যবহার করে গান-বাজনার আয়োজন করে শব্দদূষণ করা হয়, যা বেআইনি।”

শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন-২০০৬ এর পূর্ণ বাস্তবায়নে সরকারের প্রতি দাবিও জানান তিনি।

বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি মো. আবু সাঈদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ানুল হক বুলবুল, চিকিৎসক লেলিন চৌধুরী, অ্যাকশন এইডের অমিত রঞ্জন দে ও ডব্লিউবিবি ট্রাস্টের মারুফ রহমান সভায় বক্তব্য দেন।