তরঙ্গ নিলামে যোগ্য ৪ অপারেটরের নাম প্রকাশ
আবেদনকারী চার অপারেটরকে তরঙ্গ নিলামের জন্য যোগ্য ঘোষণা করে তালিকা প্রকাশে করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার বিটিআরসির ওয়েবসাইটে জানানো হয়, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও বন্ধ হয়ে যাওয়া সিটিসেলকে ৯০০, এক হাজার ৮০০ এবং দুই হাজার ১০০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে অংশ নিতে যোগ্য ঘোষণা করা হয়েছে।
চলতি মাসে আবেদন করার সময় শেষে বিটিআরসি জানায়, তরঙ্গ বরাদ্দের জন্য গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও সিটিসেল আবেদন করেছে। তবে তরঙ্গ নিলামে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক অংশ নিচ্ছে না।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর টেলিযোগাযোগের ফোর জি সেবার লাইসেন্স ও তরঙ্গ নিলামের নীতিমালা ২৯ নভেম্বর হাতে পায় টেলিযোগাযোগ বিভাগ।
অপারেটরগুলোকে ফোর জি তরঙ্গ বরাদ্দ পেতে অংশ নিতে হবে নিলামে। নীতিমালায় এক হাজার ৮০০ মেগাহার্টজের তরঙ্গ নিলামের ভিত্তিমূল্য ঠিক করা হয়েছে প্রতি মেগাহার্টজে ৩০ মিলিয়ন ডলার। আর থ্রি জির দুই হাজার ১০০ মেগাহার্টজের প্রতি মেগাহার্টজ ২৭ মিলিয়ন ডলার এবং ৯০০ মেগাহার্টজের প্রতি মেগাহার্টজ ৩০ মিলিয়ন ডলার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
আর টু জি ও থ্রি জি সেবার জন্য বরাদ্দ করা তরঙ্গে প্রযুক্তি নিরপেক্ষতা পেতে (যাতে ওই তরঙ্গ যে কোনো প্রযুক্তিতে ব্যবহার করা যায়) প্রতি মেগাহার্টজের জন্য চার্জ দিতে হবে।
