২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষিত পানি: বাড্ডায় ৪০০ জার ধ্বংস, জরিমানা

অনুমোদন এবং সঠিকভাবে মান নিয়ন্ত্রণ ছাড়া জারের পানি বিক্রি বন্ধে রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানের প্রায় ৪০০ পানির জার ধ্বংস করেছে বিএসটিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 06:26 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

বাগে আনা যাচ্ছে না জারের পানির অবৈধ বাণিজ্য
জারের পানিতে দূষণ: পল্টন-মতিঝিলে অভিযানে বিএসটিআই
ঢাকায় ৯৭% জারের পানিতে মলের ব্যাকটেরিয়া!

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত অভিযানে এসব প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত।

ভোর ৬টায় বাড্ডার হোসেন মার্কেট এলাকায় অবস্থান নেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েকটি পানিবাহী পিকআপ এবং রিকশাভ্যান আটক করা হয়। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের কাগজপত্র এবং পানির মান ঠিক থাকায় ছেড়ে দেওয়া হয়।

বাকীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা।

তিনি বলেন, অনুমতি ছাড়া জারে পানি ভরে বিক্রি করার অপরাধে জরিমানা করা হয়েছে।

“যেসব প্রতিষ্ঠানের ভ্যান আটক করা হয়েছে তারা বিএসটিআইর অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাত করছিল। এজন্য তাদের জরিমানা এবং জার ধ্বংস করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও তারা মান তারা রক্ষা করছে না। এ কারণে তাদের জরিমানা করেছি।”

সাতটি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। গত সোমবার মতিঝিল ও পল্টন এলাকায় অভিযানের সময়ও এভারেস্টকে জরিমানা করেছিল বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানের প্রায় চার হাজার জার ধ্বংস করে বিএসটিআই। ওই অভিযানে জরিমানা করা হয় এক লাখ ৩৩ হাজার টাকা।

সম্প্রতি কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণায় ঢাকার ৯৭ ভাগ জারের পানিতে মানুষ ও প্রাণীর মলের জীবাণু ‘কলিফর্ম’ পাওয়ার তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে মান সরকারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিএসটিআই।

এরপরই গত সোমবার পল্টন ও মতিঝিলে চলে অভিযান।