২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার: এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ও গ্রাহক সাইফুল হককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 05:24 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

পুরনো খবর:

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
এবি ব্যাংক: ব্যবসায়ী সাইফুলকে দুদকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
এবি ব্যাংকের চেয়ারম্যানসহ ৩ পরিচালকের পদত্যাগ

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, বৃহস্পতিবার বিকালে দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ঢাকার রমনা মৎস্যভবন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করে।

এর আগে মুদ্রা পাচার আইনে ওই তিনজনসহ মোট আটজনের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন গুলশান আনোয়ার।

প্রনব বলেন, “ওই মামলার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।”

মামলার বাকি আসামিরা হলেন- এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও মো. ফজলুর রহমান, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমান, হেড অব করপোরেট ব্যাংকিং মোহাম্মদ মাহফুজ উল ইসলাম এবং জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল আজিম।

সিঙ্গাপুর ও দুবাইভিত্তিক কোম্পানি পিনাকল গ্লোবাল ফান্ডের (পিজিএফ) সঙ্গে মিলে বিনিয়োগের নামে এবি ব্যাংকের অর্থ পাচারের অভিযোগে এর আগে মোট ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা এবি ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখা থেকে দুবাইয়ে পাচার করে এবং পরে তা আত্মসাৎ করে।

২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারের ওই ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে মামলায়।

এজাহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও মুদ্রা পাচার আইনের ৪(২) ও ৪(৩) ধারার অভিযোগ আনা হয়েছে।

আত্মসাতের ওই ঘটনা যখন ঘটে,  ওয়াহিদুল হক তখন ব্যাংকের চেয়ারম্যান। কথিত ওই বিনিয়োগ এবং অর্থ আত্মসাতের নেপথ্যে ব্যাংকের গ্রাহক আটলান্টিক এন্টারপ্রাইজের সাইফুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দুদকের অভিযোগ।

এক সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কাজ করা সাইফুলের এবি ব্যাংকে কোনো অংশীদারিত্ব নেই। তবে তিনি বিয়ে করেছিলেন ওই ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ খানের দ্বিতীয় মেয়েকে। ফলে ব্যাংকের অনেক কাজেই সাইফুলের প্রভাব ছিল।

সাইফুল হক স্কাই এভিয়েশন সার্ভিসেস লিমিটেড নামে আরেকটি কোম্পানির পরিচালক ছিলেন। ওই কোম্পানি বাংলাদেশে ফ্লাই দুবাইয়ের এজেন্ট। শুল্কমুক্ত কোটায় স্কাই এভিয়েশনের আনা চারটি বিলাসবহুল গাড়ি শুল্ক গোয়েন্দা বিভাগ ২০১৬ সালে শুল্ক ফাঁকির অভিযোগে জব্দ করেছিল।

বাংলাদেশ ব্যাংকের একটি তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে এজাহারে বলা হয়, সাইফুল দুবাইয়ে থাকাকালে আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য খুররম আবদুল্লাহ ও আব্দুস সামাদ খানের সঙ্গে তার সখ্যতা হয়। তিনি এবি ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ওয়াহিদুল হকেরও পূর্ব পরিচিত।

সাইফুলই এবি ব্যাংকের অর্থ পাচারের বিষয়ে ওই প্রতারক চক্রের সাথে ‍ওয়াহিদুল হকের পরিচয় করিয়ে দেন এবং পরে দুবাই ও বাংলাদেশে একাধিকবার তারা বৈঠক করেন বলে দুদকের ভাষ্য।

মামলার এজাহারে বলা হয়, ওয়াহিদুল হক ও আবু হেনা মোস্তফা কামাল ব্যাংকের বোর্ডকে না জানিয়ে ব্যক্তিগত উদ্যোগে দুবাই গিয়ে প্রতারক চক্রের সঙ্গে বৈঠক করেন। আর ওই প্রতারক চক্র পিনাকল গ্লোবাল ফান্ড (পিজিএফ) নামে একটি কোম্পনি সৃষ্টি করে।

সেই কথিত পিনাকলের আট কোটি ডলারের সঙ্গে এবি ব্যাংকের দুই কোটি ডলার মিলিয়ে ১০ কোটি ডলারের একটি তহবিল গঠন করে তা দুবাইয়ে বিনিয়োগের একটি কাল্পনিক প্রস্তাব তৈরি করা হয় এরপর। আবু হেনা মোস্তফা কামাল ও শামীম আহমেদের যৌথ স্বাক্ষরে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করে তা পাস করিয়ে নেওয়া হয় ২০১৩ সালে।

এজাহারে বলা হয়, ওয়াহিদুল হক ও আবু হেনার নির্দেশে কোনো যাচাই-বাছাই না করে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে এবি ব্যাংকের ট্রেজারি শাখার কর্মকর্তা নুরুল আাজিম দুই কোটি ডলার ব্যাংকের চট্টগ্রামের ইপিজেড শাখা থেকে দুবাইয়ে পাঠানোর আদেশ দেন লোকমানকে।

২০১৪ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে চেং বাও জেনারেল ট্রেডিং এলএলসি নামের এক কোম্পানির নামে পাঠানো ওই দুই কোটি ডলার আবুধাবির একটি ব্যাংক অ্যাকাউন্টে যায়। সেখান থেকে পরে তা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায়।