শান্তিরক্ষীদের এখন ‘আক্রমণাত্মক ভূমিকায়’ চায় জাতিসংঘ
জাতিসংঘের পতাকা ও নীল রঙের হেলমেট শান্তিরক্ষীদের আর ‘স্বাভাবিক সুরক্ষা দিচ্ছে না’ বলে তাদের শক্তি প্রয়োগে দ্বিধা করা উচিৎ নয় বলে জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি বলছে, হুমকি বিনাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন।
হামলাকারীরা বোঝানোর জন্য বলপ্রয়োগই একমাত্র ‘ভাষা’ ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
গত পাঁচ বছরে প্রায় ২০০ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আফ্রিকার মিশনগুলোই শান্তিরক্ষীদের জন্য সবচেয়ে বিপজ্জনক। ২০১৩ সাল থেকে মালিতে ৯১ জন, মধ্যআফ্রিকান প্রজাতন্ত্রে ২৯ এবং সুদানের যুদ্ধ কবলিত দারফুরে ২৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ বছরে শান্তিরক্ষী নিহতের সংখ্যা এর আগের যে কোনো সময়ের বেশি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ২০১৭ সালেই সহিংসতায় সবচেয়ে বেশি সংখ্যক ৫৬ জন শান্তিরক্ষীর প্রাণহানি হয়েছে।
বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, জঙ্গি-সন্ত্রাসী, সংগঠিত অপরাধী চক্র, ছোট ছোট অপরাধী চক্র, রাজনৈতিক বিরোধ সংক্রান্ত সহিংসতাসহ নানাবিধ হুমকির মোকাবেলা করতে হয় শান্তিরক্ষীদের।
প্রতিবেদনে বলা হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে, শত্রুপক্ষীয় বাহিনী বলপ্রয়োগ ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না।
“জাতিসংঘকে আরও শক্ত হতে হবে এবং প্রয়োজন হলে বলপ্রয়োগ করতে ভয় পাওয়া চলবে না।”
‘ইমপ্রুভিং সিকিউরিটি অফ ইউনাইটেড নেশনস পিসকিপারস: উই নিড টু চেঞ্জ দ্য ওয়ে উই আর ডুয়িং বিজনেস’ শিরোনামের এই প্রতিবেদন গত ডিসেম্বরে দাখিল হয়। ব্রাজিলিয়ান লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো দোস সান্তোস ক্রুজের নেতৃত্বে একটি দল এই প্রতিবেদন তৈরি করে। হাইতি ও কঙ্গোয় জাতিসংঘের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন ক্রুজ ।
সুপারিশ
হুমকি মোকাবেলায় শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত করার আগে প্রশিক্ষণ বৃদ্ধি এবং আরও কার্যকর ও আধুনিক সরঞ্জাম সরবরাহের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
শান্তিরক্ষীদের মানসিকতার পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে তাদের ঝুঁকি নেওয়া এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলার সদিচ্ছার কথা বলা হয়েছে এতে।
সময়োচিত পদক্ষেপ না নেওয়ার জন্য জাতিসংঘ অনেক সময় আক্রান্ত হয় বলে পর্যবেক্ষণ দিয়ে প্রতিবেদনে সব পর্যায়ের নেতৃত্বে প্রতি উদ্যোগী ও প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং নতুন বিষয়গুলোকে গ্রহণে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, “প্রতিটি মিশন, এমনকি একটি দেশের মধ্যকার মিশনগুলোর প্রতিটিই অনন্য। একেকটি এলাকায় যে হুমকি থাকে তার ভিত্তিতে ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপ দরকার হয়।“
এজন্য শান্তিরক্ষীদের কার্যবিধিসহ যাবতীয় দলিলপত্র নিষ্ক্রিয়তাকে বৈধতা দেওয়ার নয়, পদক্ষেপ গ্রহণের পক্ষে হওয়া উচিত বলে অভিমত দেওয়া হয়েছে।
