২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে ‘বিভ্রান্তিকর’ তথ্য এড়ানোয় মন্ত্রীর ক্ষমা প্রার্থনা

সংসদের প্রশ্নোত্তরে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য থাকায়’ ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 09:20 PM

Updated : 19 Aug 2022, 01:27 PM

মঙ্গলবার সংসদ সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম সম্পূরক প্রশ্নে বিষয়টি সংসদের নজরে আনলে মন্ত্রী তার জন্য ক্ষমা চেয়ে সংসদের কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়ার জন্য স্পিকারের প্রতি অনুরোধ করেন।

তবে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ওই সময় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ তার প্রশ্নে বলেন, “হবিগঞ্জ জেলার ঐতিহাসিক তেলিয়া পাড়া চা বাগানে ১৯৭১ সালের ৪ এপ্রিল কর্নেল ওসমানির সভাপতিত্বে অনেক সেনানায়ক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়।”

ওই সংসদ সদস্য তার প্রশ্নে ঐতিহাসিক ওই স্থানটি সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ রয়েছে কি না তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে জানতে চান।

মন্ত্রী তার লিখিত জবাবে ওই স্থানের বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন। তবে ‘৪ এপ্রিল মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা‘ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

পরে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সম্পূরক প্রশ্নে ফ্লোর নিয়ে এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আবদুল মজিদ খানের প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি, স্বাধীনতা সংগ্রামের সাথে সশস্ত্র মুক্তিযুদ্ধ একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি স্বীকার করে নেই- এই মুক্তিযুদ্ধের জন্য আলাদা ঘোষণা দেওয়া হয়েছে, ৪ এপ্রিল যদি মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয় তাহলে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের ঘোষণা কী মুক্তিযুদ্ধ নয়?

“এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। আর এটাকে যদি মেনে নেওয়া হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন তুলবে- বঙ্গবন্ধুর ঘোষণার সঙ্গে এই ঘোষণার পার্থক্যটা কোথায়? আমি মনে করি, মন্ত্রী এই বিষয়টি স্পষ্ট করবেন। না হলে ইতিহাস বিকৃতি থাকবে। ”

জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিষয়টি নজরে আনার জন্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদের কাছে ক্ষমা চান।

মোজাম্মেল বলেন, “আমি আমার এই ভুলের জন্য এই সংসদের কাছে ক্ষমা প্রার্থী। এটা যেহেতু পড়া হয়নি। আমারও মনে ছিল, কিন্তু বলার সময় ভুলে গেছি। তিনি (আবদুল মজিদ খান) যে কথা বলেছেন ৪ এপ্রিল কর্নেল ওসমানীর সভাপতিত্বে অনেক সেনা ও জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়-এটা ভুল তথ্য। তারা সেখানে বৈঠক করেছিলেন এটা ঐতিহাসিক সত্য।

“মিটিং করে তারা রণকৌশল সম্পর্কে আলাপ-আলোচনা করেছিলেন। সেখানে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ ঘোষণার কোনো সুযোগই ছিলো না। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব, আপনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে উনার (আব্দুল মজিদ খান) এই বক্তব্যটাকে সংশোধন করে দিলে আমি ও সকল মুক্তিযোদ্ধা বাধিত থাকব। সারা জাতি কৃতজ্ঞ থাকবে।”

প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে শিরীন শারমিন বলেন, “মাননীয় সদস্য বিষয়টি আমার নজরে এসেছে। কার্যপ্রণালী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনে নানা ধরনের অসংগতি ও ক্রুটি পাওয়া গেছে।”

জামালপুর-১ আসনের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মুক্তিযোদ্ধাদের ডেটাবেজ তৈরির চলমান কার্যক্রমের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধাদের সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে ডেটাবেজ কার্যক্রম চলছে। এজন্য গঠিত ৪৭০টি যাচাই বাছাই কমিটির মধ্যে ৩৬০টির প্রতিবেদন পাওয়া গেছে। যে সকল উপজেলা, জেলা/মহানগরের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির প্রতিবেদন পাওয়া গেছে সেগুলোতে বিভিন্ন ধরনের অসংগতি ও ক্রুটি পরিলক্ষিত হচ্ছে। এগুলো যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হলে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।”

প্রশ্নোত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত কতজন মুক্তিযোদ্ধা মারা গেছেন এবং কতজন জীবিত আছেন তার সঠিক পরিসংখ্যান মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই।  মুক্তিযোদ্ধাদের সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে ডেটাবেজ কার্যক্রম চলছে। এই কার্যক্রম শেষ হলে একটি ‘নির্ভুল তালিকা’ তৈরি করা সম্ভব হবে।

“তখন জীবিত-মৃত মুক্তিযোদ্ধাদের পরিসংখ্যানসহ তাদের অন্যান্য তথ্যাদি জানা সম্ভবপর হবে।”

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে যাচাই-বাছাই চলছে। এতে ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেলে তাদের নামে প্রকাশিত গেজেট ও সনদসহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করা হবে।

“ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এজন্য ভুয়া মুক্তিযোদ্ধার সন্ধান-তথ্য দিয়ে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

দেশে গৃহহীনের সংখ্যা ২ লাখ ৮০ হাজার

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ জানান, বর্তমানে দেশে ভূমিহীনের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ২৬৪ জন এবং গৃহহীনের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৩৪ জন।

তিনি জানান, বর্তমানে দেশে মোট খাস জমির পরিমাণ ৪১ লাখ ২১ হাজার ৭৭৫ দশমিক ২০ একর। এর মধ্যে কৃষি খাস জমি ২০ লাখ ৫১ হাজার ৬৫ একর।