জমি রক্ষায় মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন
ঢাকার মিরপুরের রূপনগরের কেনা জমি ভুয়া নামে বরাদ্দ বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার।
জাতীয় প্রেস ক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের স্ত্রী হাসিনা বেগম, তার ছেলে এ কে এম শাহাদাত হোসেন, পুত্রবধূ আকলিমা রহমান, নাতি সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি বলে ছেলে শাহাদাত জানান।
শাহাদাত বলেন, তার বাবা ১৯৮১ সালে রূপনগর এলাকায় ১৭ কাঠার একটি প্লট কেনেন এবং দখল বুঝে পান। সেই জমির সাড়ে তিন কাঠার উপর টিনশেড ঘর তৈরি করে তারা থাকছেন।
২০০৯ সালে তারা জানতে পারেন যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ওই ১৭ কাঠা প্লটটি অধিগ্রহণ করেছে।
শাহাদাত বলেন, “তবে ওই প্লটের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৎকালীন মাঠ পর্যায়ের কর্মকর্তারা সাড়ে ৩ কাঠার টিনশেড ঘর মৌখিকভাবে আমাদের নামে বরাদ্দ দেয় এবং পরে তাদের পরামর্শে প্লটটি বরাদ্দের জন্য আমার বাবা বিধি মোতাবেক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিকট আবেদনও করেছেন।
“কিন্তু ২০১২ সালে আশরাফ উদ্দিন আহম্মেদ পরিচয়ে একদল সন্ত্রাসী আমাদের প্লটটি বেদখল করার জন্য হামলা করেছে।”
আশরাফ উদ্দিন দাবি করছেন, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ তার নামে বিকল্প বরাদ্দ দিয়েছে।
শাহাদাত বলেন, “খোঁজ নিয়ে জানতে পারি, আশরাফ উদ্দিন আহম্মেদ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নাই।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৎকালীন উপ-পরিচালক ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম টিপু সুলতান তারই এক আত্মীয়কে আশরাফ উদ্দিন আহম্মেদ সাজিয়ে বিকল্প বরাদ্দের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরাবর তারিখবিহীন ও প্লট নম্বরের উপর কাটাকাটি করে আবেদন করে।”
বর্তমানে তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে শাহাদাত বলেন, “ক্রয়কৃত জমি এভাবে হাতছাড়া হবে এ কথা ভেবেই বাবা আরও অসুস্থ্ হয়ে পড়েছেন।”
তিনি ওই বিকল্প বরাদ্দ বাতিল করার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম টিপু সুলতানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমার মনেও নেই। কী আর বলব।”
