সাবেক প্রেমিককে ছুরিকাঘাত: জামিন পাননি ইডেনছাত্রী
সাবেক প্রেমিককে ছুরি মেরে আহত করার ঘটনায় আটক ইডেন মহিলা কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন হয়নি।
সোমবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।
লাভলীর পক্ষে শুনানি করেন আইনজীবী নজরুল ইসলাম সরদার।
গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে আল-আমিন নামে এক যুবককে ছুরি মারেন লাভলী।
তাকে আটক করে থানায় আনার পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানিয়েছিলেন, আল-আমিনের সঙ্গে লাভলীর প্রেমের সম্পর্ক হলে দুই বছর আগে পারিবারিকভাবে তাদের আলাদা থাকতে বলা হয়েছিল।
ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত
এ ঘটনায় আল-আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন শাহবাগ থানায় লাভলীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন।
পরদিন পুলিশ লাভলীকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লাভলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন ওইদিন ।
অন্যদিকে লাভলীর আইনজীবী জামিনের আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ওই ছাত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য ২২ জানুয়ারি দিন রেখেছিলেন।
