২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগতীরে মোনাজাতের অপেক্ষা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে টঙ্গীর তুরাগতীরের পথে শুরু হয়েছে মানুষের ঢল।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2018, 09:51 AM

Updated : 11 Oct 2022, 12:02 PM

রোববার বেলা ১১টার দিকে বিশ্ব শান্তি কামনায় এই মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, ফজরের নামাজের পর ইজতেমা মাঠে বয়ান করেন মাওলানা আব্দুর রহিম নকিব। পরে হেদায়তি শুরু করেন মাওলানা আব্দুল মতিন।

আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য মাওলানা জুবায়ের।

প্রথম পর্বের মত এবারও হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাত হচ্ছে বাংলা ও আরবি মিলিয়ে।

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ায়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শনিবার মধ্যরাত থেকে। মোনাজাতে অংশ নিতে মানুষ পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছাচ্ছে।

পাশাপাশি কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ থেকে স্টেশনরোড ওভারব্রিজ এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু টেক্সটাইরের গেইট পর্যন্ত সড়কেও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। গাজীপুর-ঢাকা গাড়ি চলাচলে বিকল্প পথ ধরতে হচ্ছে সবাইকে।

ঢাকা থেকে বিশেষ ট্রেন কিংবা বুড়িগঙ্গা হয়ে নৌপথেও টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়েছেন অনেকে।

গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা এসএম রাহাত হাসনাত জানান, তিনি জানান, ইজেতেমা শেষে সবার ফেরার সুবিধার জন্য বিআরটিসির দুই শতাধিক বাস দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করবে।

আখেরি মোনাজাতের আগ পযন্ত ইজতেমাস্থলমুখী বিভিন্ন সড়েক-মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া রয়েছে ১৯টি বিশেষ ট্রেন। এর বাইরে সব আন্তঃনগর ট্রেনও টঙ্গীতে যাত্রাবিরতি করবে।

রাহাত বলেন, ভিড়ের কারণে যারা মূল ময়দানে যেতে পারবেন না, তাদের সুবিধার কথা ভেবে টঙ্গীর মধুমিতা রোড, টঙ্গী বিসিক এলাকা, নোয়াগাঁও এবং চেরাগআলীর বিভিন্ন শাখা সড়কে মোনাজাতের মাইকের সঙ্গে আরও ৮০টি মাইকের সংযোগ দেওয়া হবে। একই সংখ্যক মাইক ঢাকা অংশেও সংযোগ দেওয়া হবে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, আখেরি মোনাজাত উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সবাই বাড়ি ফেরা পর্যন্ত কয়েক হাজার পুলিশ সদস্য ইজতেমা মাঠের আশপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

গত ১২ জানুয়ারি ভোরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ওই পর্বে অংশ নেন ঢাকাসহ ১৭ জেলার মুসলমানরা। চার দিন বিরতি দিয়ে ঢাকা ছাড়াও আরও ১৫ জেলার মুসলমানদের অংশগ্রহণে গত শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা রোববার শেষ হচ্ছে।  

এর বাইরে দেশের বাকি ৩২টি জেলার মানুষ আগামী বছর দুই পর্বে ইজতেমায় অংশ নেবেন।