ফল প্রকাশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
পরীক্ষার ফল প্রকাশসহ তিন দফা দাবিতে রাজধানীর নিউ মার্কেট মোড় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
এসব কলেজের তিন শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে নিউ মার্কে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান সেখানে উপস্থিত হয়ে ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা ২টার দিকে রাস্তা ছেড়ে দিয়ে ফিরে যান।
তাদের এই অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় হয়ে আজিমপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাবরেটরি ও বিজিবি সদরদপ্তরের দিকে চার পথে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে পুলিশের লালবাগ জোনের এডিসি নাজির আহমেদ খান জানান।
দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ ও তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
“গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হয়েছে। এক বছর হয়ে গেলেও ফলাফল প্রকাশ করেনি। আমরা এখন তৃতীয় বর্ষে, কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়নি। সাত কলেজের কোনো অ্যাকাডেমিক ক্যালেন্ডারও তারা প্রকাশ করেনি। এসব বিষয়ে আমরা মানানীয় উপাচার্যের আশ্বাস চাই।”
এসব দাবিতে সকাল ১০টায় ইডেন কলেজের সামনে বিক্ষোভ মিছিল শেষে বেলা ১১টার দিকে নিউ মার্কেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পুলিশ এসে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকেন।
বেলা দেড়টার পর সেখানে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বিক্ষোভকারীদের আশ্বাস দেন ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করতে সব চেষ্টাই কর্তৃপক্ষ করবে।
তার ওই আশ্বাসে বেলা ২টার পর অবরোধ তুলে নিয়ে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ঢাকা কলেজের ছাত্র কাজী নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিসি স্যার যে আশ্বাস দিয়েছেন, আমরা তা মেনে নিলাম। যদি ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিকে বাধ্য হব।”
দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ ও তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।
তবে অধিভুক্ত হওয়ার পর পরীক্ষায় বসতে বিক্ষোভ করতে হয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের। গত বছর জুলাইয়ে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের শেলে দুই চোখের দৃষ্টি হারান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
এদিকে ওই সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গত ১৫ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
তাদের অভিযোগ, এই অধিভুক্তির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানামুখী সমস্যা ও বিড়ম্বনার মধ্যে পড়ছে।
