শিশু আইন সংশোধনের অগ্রগতি প্রতিবেদন হাই কোর্টে
ধর্ষণ ও হত্যার মতো একই অপরাধে শিশু ও প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার একসঙ্গে, নাকি আলাদা হবে- সেই অস্পষ্টতা দূর করতে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ‘শিশু আইন ২০১৩’ এর সংশোধিত খসড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চে সোমবার দাখিল করা এক অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
এসময় প্রতিবেদনের সঙ্গে খসড়া সংশোধনী প্রস্তাবও আদালতে দাখিল করা হয়।
এরপর আদালত ১২ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য দিন রেখে খসড়াটি নথিভুক্ত করে। অস্পষ্টতা দূর করে ‘শিশু আইন ২০১৩’ চলতি সংসদ অধিবেশনেই সংশোধন হবে আশা প্রকাশ করে আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদও উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মহিউদ্দিন শামীম।
এর আগে গত বছরের ১২ নভেম্বর হাই কোর্ট শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার কোন আইনে, কোন আদালতে হবে- তা স্পষ্ট করতে শিশু আইন-২০১৩ সংশোধনে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেয়।
গত বছরের ২৯ অক্টোবর শিশু আইনের অস্পষ্টতা নিরসনে সংশোধনের অগ্রগতি জানতে সমাজ কল্যাণ সচিব এবং আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিভাগের (ড্রাফটিং উইং) সচিবকে তলব করে হাই কোর্ট।
সে অনুযায়ী গত বছরের ১২ নভেম্বর দুই সচিব আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দেন। এরপর আদালত আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আদেশ দেয়।
আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রশাসন-২) মো. সাহিনুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, হাই কোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত শিশু আইন-২০১৩ এর সংশোধন সংক্রান্ত প্রস্তাব ভেটিং/নিরীক্ষা করে প্রশাসনিক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে সংশোধিত খসড়া আইনটি সংসদে উত্থাপনসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মপরিধিভূক্ত জানিয়ে বিষয়টি হাই কোর্ট বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চকে অবহিত করতেও অনুরোধ করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী মহিউদ্দিন শামীম পরে সাংবাদিকদের বলেন, “শিশু আইন, ২০১৩ এর অস্পষ্টতা দূর করতে একটি সংশোধিত খসড়া আইন মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সেটি অ্যাপ্রোভ করলে খসড়াটি সংসদে উঠবে।”
এ আইনজীবী বলেন, “আইনটির অস্পষ্টতা দূর সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আদালত ১২ ফেব্রুয়ারি পরবর্তী আদেশের জন্য রেখে বলেছে, ‘আশা করি চলতি অধিবেশনে তা হয়ে যাবে।’”
বিদ্যমান আইনটির ‘শিশু ও প্রাপ্তবয়স্ক অপরাধীর একত্রে চার্জশিট প্রদান নিষিদ্ধ’ ১৫ ধারায় বলা হয়, ‘ফৌজদারী কার্যবিধির ধারা ২৩৯ অথবা আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, শিশুকে কোনো প্রাপ্তবয়স্ক অপরাধীর সহিত একসঙ্গে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত করে একত্রে চার্জশিট দেওয়া যাবে না।
সংশোধিত খসড়ায় এই ধারাটির সংশোধন করে বলা হয়, ‘পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান প্রতিবেদন পৃথকভাবে প্রস্তুত ও আমলে গ্রহণ। -(১) ফৌজদারী কার্যবিধি বা আপাততঃ বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন অপরাধ সংঘটনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকিলে পুলিশ রিপোর্ট বা ক্ষেত্রমত অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশুর জন্য পৃথকভাবে প্রস্তুত করিয়া দাখিল করিতে হইবে।
(২) ফৌজদারী কার্যবিধি বা আপাততঃ বলবৎ অন্য কোনো যাহা কিছুই থাকুক না কেন, প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু কর্তৃক একত্রে সংঘটিত কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে তাদের অপরাধ আলাদাভাবে আমলে নিতে হবে।
বিদ্যমান আইনটির ১৫ ধারায় নতুন করে ১৫ (ক) সন্নিবেশন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর।- কোন অপরাধ আমলে গ্রহণ করিবার পর, মামলাটি বিচারের জন্য প্রস্তুত করিয়া-
(ক) শিশু কর্তৃক সংঘটিত অপরাধ বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজাদিসহ শিশু আদালতে প্রেরণ করিতে হইবে;
(খ) প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ বিচারের জন্য মামলাটি প্রয়োজনীয় কাগজাদিসহ এখতিয়ারসম্পন্ন আদালতে প্রেরণ করিতে হইবে; এবং
(গ) দফা (ক) ও (খ) এর অধীন মামলা প্রেরণের বিষয়টি পাবলিক প্রসিকিউটরকে অবহিত করিতে হইবে।”
