সংবাদমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর হতে হবে: মন্ত্রী
ভীতি আর উসকানি তৈরি না করে সংবাদমাধ্যম যেন জনগণের কন্ঠস্বর হয়ে ওঠে সেই প্রত্যাশা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) এক সেমিনারে বক্তব্যে তিনি বলেন, “মত প্রকাশের স্বাধীনতা দেশের মানুষের সাংবিধানিক অধিকার। পৃথিবীর অন্য অনেক দেশে সংবিধানে লেখা না থাকলেও আমাদের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে সেই অধিকার দেওয়া হয়েছে।
“সংবাদপত্র তথা গণমাধ্যমকে জনগণের কণ্ঠস্বর হতে হবে। সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ভীতি তৈরি করবে না, উসকানি দেবে না এবং কারো চরিত্র হনন যেন না হয় এ ব্যাপারে সচেতন থাকবে।”
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও পিআইবি’র যৌথ আয়োজনে ‘সংবাদবোধ ও পাঠকের ধারণা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের শরিক দল জাসদের সভাপতি ইনু।
দেশের সূচনালগ্ন থেকে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “তবে সামরিক শাসন ও রাষ্ট্র পরিচালনায় কোনো কোনো রাজনৈতিক দলের সাম্প্রদায়িক আচরণের কারণে গণমাধ্যমের এই চর্চা অনেক সময় ব্যাহত হয়েছে।”
বর্তমান সরকারকে উন্নয়নমূলক কাজের সঙ্গে সাম্প্রদায়িক ও জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলার কাজ একসঙ্গে করতে হচ্ছে বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু।
ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় তার প্রতিষ্ঠানের করা ‘সংবাদবোধ এবং পাঠকের ধারণা’ বিষয়ক গবেষণায় বিভিন্ন বিষয়ে পাঠকের হতাশার চিত্র উঠে আসার কথা উল্লেখ করেন এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
তিনি জানান, গবেষণায় ঢাকাসহ ছয়টি বিভাগে প্রশ্নমালা জরিপ ১৪০ জন, ফোকাস গ্রুপ আলোচনা ৬৬ জন, বিশেষজ্ঞ সাক্ষাৎকার ৩৫ জন এবং মতবিনিময়ে ৬০ জন অংশ নেন।
গবেষণায় বলা হয়, জরিপে অংশ নেওয়া ২৭ শতাংশ মনে করেন গণমাধ্যম সূত্রের উল্লেখ করে না, আর ৪৯ শতাংশের মতে গণমাধ্যমে ’মাঝেমধ্যে‘ সূত্রের উল্লেখ করে থাকে। তার মানে, ৭৬ শতাংশ পাঠক ও দর্শকের কাছে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
গবেষণায় দেখা যায়, পাঠক বা দর্শক মোটামুটি বিশ্বাসযোগ্য মনে করেন ২৪ শতাংশ, কোন কোন ঘটনার বিবরণ মনে সন্দেহ তৈরি করে ৫৮ শতাংশের এবং পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে করেন ১৮ শতাংশ মানুষ।
সেমিনারে সঠিক সংবাদ পরিবেশনকে ‘সবচেয়ে বেশি গুরুত্ব দিতে’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, “আমরা গণমাধ্যম থেকে মানবাধিকার লঙ্ঘনের তথ্য নিয়ে থাকি। কিন্তু কোন কোন সময় দেখা যায়, বাস্তবতার সঙ্গে এটার মিল নেই। তার মানে সংবাদমাধ্যম সঠিক তথ্য পরিবেশন করছে না। সঠিক তথ্য পরিবেশন করলে পরবর্তীতে সত্যতা খুঁজে পাওয়া যেত।
“আমরা চাইব, গণমাধ্যমে তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে পরিবেশন করুক।”
সেমিনারে মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “প্রতিনিয়ত সংবাদপত্রের বিকাশ হচ্ছে। কিন্তু ব্যক্তি স্বার্থে যাতে সাংবাদিকতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ বর্তমানে অপসাংবাদিকতা পেয়ে বসেছে। সত্য প্রকাশ যদি প্রধান কাজ হয় তবে জনকল্যাণও সংবাদপত্রের অন্য এক কাজ।”
শৃঙ্খলার স্বার্থে সত্য খবরও অনেক সময় প্রকাশ করা উচিত নয় বলে মন্তব্য করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক।
সেমিনারের সভাপতি পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর বলেন, “প্রত্যেক পাঠকের পক্ষে চার-পাঁচটি পত্রিকা পড়ে সঠিক খবরটি বের করা সম্ভব নয়। তাই গণমাধ্যমকে সঠিক সংবাদটি পরিবেশন করতে হবে। আর গণমাধ্যম যদি সেটা করতে না পারে, তাহলে গণমাধ্যমকে তার অপারগতা জানাতে হবে। পাঠক-দর্শককে বলতে হবে, আমার খবর সঠিক নয়, যাচাই করে নিন।”
একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ আলী আল রাজী, ডেইলি স্টারের রিয়াজ আহমেদ, ইন্ডিপেনডেন্ট টিভির আশীষ সৈকত, চ্যানেল টোয়েন্টিফোরের এডিটর ইনপুট তালাত মামুন, যশোরের গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন বক্তব্য দেন।
