উন্নয়ন এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার তৃতীয় জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়ন কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়; সেজন্য সকলের সহযোগিতা একান্তভাবে দরকার।”
গণভবনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা, ঝিনাইদহ, হবিগঞ্জ, গাইবান্ধা এবং চাঁদপুরে স্থানীয় কর্মজীবীদের সঙ্গে কথা বলেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করেন।
সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যত কর্মপরিকল্পনা জানানো, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সরকারের সাফল্যের প্রচার ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জনগণকে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়ের জন্যই এ মেলার আয়োজন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, “আমাদের উন্নয়নটা হচ্ছে সার্বিকভাবে সকল জনগণের জন্য। আর বিশেষ করে আমাদের গ্রামের মানুষের জন্য। আমরা প্রতিটি গ্রামকে দারিদ্র্যমুক্ত করতে চাই; চলাফেরার জন্য রাস্তাঘাট উন্নত করতে চাই।
“উন্নয়ন মানে হচ্ছে জনগণের উন্নয়ন। গ্রামের মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়ন। এই উন্নয়ন হচ্ছে সার্বিকভাবে (দেশকে) বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে।”
ভিডিও কনফারেন্সে চাঁদপুরের এক মৎস্যজীবী কারেন্ট জাল প্রস্তুত ও বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মৎস্যজীবীদের সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কোটা রাখার অনুরোধও তিনি করেন।
প্রধানমন্ত্রী তাকে বলেন, “যারা কারেন্ট জাল তৈরি করে ও বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
বরগুনায় আশ্রয় প্রকল্পের আওতায় সুবিধাভোগী একজনের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বরগুনার জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমানকে জেলায় কিছু অগ্রসর দ্বীপ চিহ্নিত করার নির্দেশ দিয়ে বলেন, সেখানে জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলার ইচ্ছা রয়েছে সরকারের। বরগুনায় পর্যটনের উন্নয়নেও তিনি গুরুত্ব আরোপ করেন।
ঝিনাইদহের পুনর্বাসিত ভিক্ষুক মর্জিনা বেগমের সঙ্গেও কথা বলেন শেখ হাসিনা। ভিক্ষাবৃত্তি ছেড়ে মর্জিনা এখন একটি ছোট মুদি দোকান চালান।
হবিগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের একজন উপকারভোগী এবং একজন চা শ্রমিকের সঙ্গেও ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা।
গাইবান্ধার সরকারি ভাতাভোগী এবং মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলতে গিয়ে আগামী মাসেই বালাসী ঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে পুনরায় ফেরি পারাপার শুরু করার কথা বলেন প্রধানমন্ত্রী।
এই পথে যমুনা নদীর তলদেশে ভূগর্ভস্থ পথ তৈরির একটি পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুখ্য সচিব নজিবুর রহমান।
