২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবলার ভোট পুনর্গণনার আবেদন ৩০ দিনে নিষ্পত্তির নির্দেশ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট পুনর্গণনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামানের করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 01:22 PM

বিচারপতি মোয়াজ্জাম হোসাইন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর বেঞ্চে রোববার এ আদেশ দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন; সঙ্গে ছিলেন আইনজীবী সানজীদ সিদ্দিকী।

পরে সানজীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর সিটি নির্বাচনের অনিয়ম, কারচুপি, এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট পুনর্গণনা চেয়ে গত ২৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন বিএনপির মেয়রপ্রার্থী কাওসার জামান বাবলা।  

“সেখানে জবাব না পেয়ে পরে গত ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনে আবেদন করেন। কিন্তু এখন পর্যন্ত তার আবেদনটি নিষ্পত্তি করেনি।”

Image
কাওসার জামান বাবলা

কাওসার জামান বাবলা

নির্বাচন কমিশনের নিস্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে কাওসার জামান বাবলার আবেদন শুনে আদালত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় বলে জানান তিনি।

গেল বছরের ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪শ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু (নৌকা) পান ৬২ হাজার ৪০০ ভোট।

সে নির্বাচনে বিএনপি মহানগর সহ-সভাপতি কাওসার জামান বাবলা (ধানের শীষ) ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় হন।