২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টরন্টোয় চালু হচ্ছে কনস্যুলেট, কনসাল জেনারেল হচ্ছেন নাইম উদ্দিন

কানাডার সবচেয়ে বড় শহর টরন্টোয় চালু হতে যাওয়া কনস্যুলেটের প্রথম কনসাল জেনারেল হচ্ছেন বর্তমানে দেশটিতে বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 01:16 AM

Updated : 19 Aug 2022, 01:22 PM

প্রায় ৬০ লাখ মানুষের শহর টরন্টোয় প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে এ বছরের মাঝামাঝি সেখানে কনস্যুলেট চালু করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

ওই মিশনের প্রথম কনসাল জেনারেল হিসেবে নাইম উদ্দিন আহমেদকে পদায়নের কথা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন তিনি।

নাইম উদ্দিন এর আগে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন ও আঙ্কারা দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকায় ডেপুটি চিফ অফ প্রটোকল এবং ওয়াশিংটন দূতাবাসে পলিটিক্যাল কাউন্সেলর হিসেবে কাজ করেছেন তিনি।

তার বাবা গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের সচিব ছিলেন তিনি।

কানাডায় বসবাসরত বাংলাদেশির সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় এক লাখ। তাদের ৮০ শতাংশেরই বাস ওন্টারিও প্রদেশে, যার রাজধানী টরন্টো।

সেখানে কনস্যুলার সেবা চালুর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সেবার জন্য এখন আর সাড়ে চারশ কিলোমিটার পাড়ি দিয়ে অটোয়ায় যেতে হবে না তাদের।

অটোয়ায় গত বিজয় দিবসের অনুষ্ঠানে হাই কমিশনার মিজানুর রহমান টরন্টোয় কনস্যুলেট চালুতে বাংলাদেশ সরকারের অনুমোদনের কথা জানান। ২০১৮ সালের প্রথমার্ধেই তা চালু হবে বলে জানিয়েছিলেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও গত বাজেট বক্তৃতায় টরন্টোয় কনস্যুলেট চালুর সরকারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।