পুনর্মিলনে ঢাবি বাংলা বিভাগের সাবেকরা
যৌবনের সেই উত্তাপ ছড়ানো দিনগুলোর অনেকটা পথ গেলেও থেমে থাকেনি জীবন; কিন্তু সময়ের পথে ফেলে আসা সেই দিনে ফেরার ইচ্ছের তাড়ায় আসতে হয় পুরনোর রাজ্যে।
এমনই সেই পুরনোর রাজ্যে পুরনো দিনের বন্ধুত্বকে খুঁজে নিতে, গল্প মাততে চিরচেনা টিএসসির মাঠে চলে আসেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, আসমা আব্বাসী, সৈয়দ আব্দুল হাদী এবং অধ্যাপক গোলাম মুরশিদের মতো বরেণ্য গুণীজনরা।
শনিবার সকালে এমন করেই প্রাণপ্রাচুর্যে ভরে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র; যেখানে এরকম আরো বহু গুণীর সমাগম ঘটে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাই আয়োজিত পুনর্মিলনীতে।
বাংলা বিভাগের সাবেক ছাত্র, শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির চেয়ারে বসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত ‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ গানের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘শতবর্ষের পথে বাংলা বিভাগ’।
শুরুতে বাংলা বিভাগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বিভাগের সভাপতি অধ্যাপক বিশ্বদেব চৌধুরী বলেন, “ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা যে আত্মত্যাগ করেছেন, তা আমাদের জন্য গৌরবের। আমরা এই শত বর্ষের পথে এগিয়ে যাওয়া বাংলা বিভাগের হৃদ্ধ অংশীদার।”
এসময় ১৯৬০ সালে বিভাগ থেকে পাশ করা পাঁচজন, ১৯৬১ সালে পাশ করা আটজন ও ১৯৬২ সালে পাশ করা পাঁচজন সাবেক ছাত্রকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সামনের সারিতে বসা অ্যালামনাইদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়টি আপনাদের। আপনারা যেভাবে চান সেভাবেই এই বিশ্ববিদ্যালয় চলবে।
“১৯২১ সালে প্রতিষ্ঠার সময় যে ১২ টি বিভাগ ছিল, তার মধ্যে অন্যতম এই বাংলা বিভাগ। সুতরাং এই বিভাগ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যিক মর্যাদার অংশ।”
পঞ্চাশ ও ষাটের দশককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ অভিহিত করে বাংলা বিভাগ থেকে ১৯৬১ সালে পাশ করা শিক্ষার্থী, গুণীজন আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “এই সময়ে অন্তত ৩০ জন ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যাদের দিকে পুরো দেশ তাকিয়ে থাকত। তাদের মানুষ মিডিয়ার কল্যাণে চিনত না, তাদেরকে তাদের জ্ঞান ও প্রজ্ঞার কারণে চিনত। আর এই তালিকার অগ্রভাগে ছিল বাংলা বিভাগ।”
এসময় তিনি তার সরাসরি শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক আব্দুল হাই, অধ্যাপক আহমদ শরীফ, অধ্যাপক নীলিমা ইব্রাহিম, অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক আনিসুজ্জামানের মতো কালজয়ী শিক্ষকদের স্মরণ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান সকল প্রাক্তনদের একই প্রীতিবন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা বাংলায় পড়াশুনা করেছি, আমরা দাবি করি, আমরা অন্যান্যদের চেয়ে মাটির কাছাকাছি বেশি থাকি। সুতরাং মানুষের সাথে যে বন্ধন, সৃষ্টির সাথে যে বন্ধন তা যেন অটুট থাকে।”
আয়োজনের দ্বিতীয় পর্বে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক রফিকুল ইসলাম। সন্ধ্যায় বিভাগের সাবেক শিক্ষার্থী বরেণ্য সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদীসহ অন্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘পুনর্মিলনীর’ এই দিনটি শেষ হয়।
