জোড়াতালির শিল্পকর্মে বাংলা-বাঙালির ইতিহাস
কাঠের তক্তা কেটে-ছেটে, খোদাই ও উৎকীর্ণ করে নানা আকার আকৃতির সমন্বয় ঘটিয়ে নতুন বৈশিষ্ট্যের শিল্পকর্মে চিত্রশিল্পী হাশেম খান তুলে এনেছেন বাংলা, বাঙালির ইতিহাস। কাঠের ভাস্কর্যে মূর্ত হয়েছে স্বাধীনতা সংগ্রামের কথা।
প্রবীণ এই চিত্রশিল্পীর এসব শিল্পকর্ম নিয়ে রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে ২৭ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ‘জোড়াতালির চালচিত্র’।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী রফিকুন নবী।
নিজের শিল্পকর্ম নিয়ে হাশেম খান বলেন, “জোড়াতালির কাঠ শিল্প ও অন্যান্য শিল্প নির্মাণে আমি সাড়ে ৯৯ ভাগ সেগুন কাঠ ব্যবহার করেছি। সেগুনের রঙ, রঙের বিভিন্ন মাত্রা, অর্থাৎ গাঢ়, হালকা রঙের সঙ্গে রেখার সমন্বয় কাঠের যে তল স্বাভাবিকভাবে ও প্রাকৃতিক বৈশিষ্ট্যেই তৈরি হয়ে থাকে তা আমার শিল্পচিন্তাকে আলোড়িত করেছে। কাঠের আঁশ, আঁশের রেখা, রঙের এই তারতম্যকে আমি ছবি আঁকার রঙ রেখার মতো ব্যবহার করেছি।”
ক্যানভাসে, কাগজে তেলরঙে, জলরঙে অ্যাক্রিলিক, প্যাস্টেল ও কালি কলমে ছবি এঁকে গেলেও হাশেম খান একপর্যায়ে জোড়াতালি বা কোলাজ শিল্পকর্মে মনোনিবেশ করেন। নানা রকম কাগজ, আঠা ও রঙ ব্যবহার করে জোড়াতালির মাধ্যমে নিরীক্ষা চালাতে শুরু করেন। পরে একে একে নির্মাণ করেন চিত্রকলা, ম্যুরাল, ভাস্কর্য, স্থাপনা।
“বেশ কিছু শিল্পকর্ম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ক্যানভাসে আঁকা চিত্রের সাদৃশ্য পেল। কাঠের রঙের বিভিন্ন রেখা চিত্রকর্মের উপাদান ও অনুষঙ্গ হয়ে ভিন্নমাত্রার চিত্র হিসেবে দাঁড়িয়ে গেল। ছোট, বড় বিভিন্ন আকৃতির কাঠকে জোড়াতালি দিয়ে ভাস্কর্য নির্মাণ করে ফেললাম।
কাঠি, কলমে, রঙে-রেখায় ক্যানভাসে ও কাগজের সমতলে তুলি সঞ্চালনের মাধ্যমে আমার শিল্প ভাবনা ও বোধের অনুরণনে মূর্ত ও বিমূর্ত কিছু শিল্পকর্ম তৈরি হল।”
বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীরত্বের গল্প তার শিল্পকর্মে উঠে এসেছে, এসেছে বাঙালির ‘মুক্তির সনদ’ হিসেবে স্বীকৃত ৬ দফা আন্দোলনের কথা। মুক্তিযুদ্ধ, একাত্তরের ঘটনাবৃত্ত, যুদ্ধবিধ্বস্ত একটি দেশের মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামও তুলে এনেছেন শিল্পী।
মোজাইক চিপস ও কাঠের শিল্পকর্মে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ‘আবহমান চট্টগ্রাম ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম’, কংক্রিট ঢালাই ও ভাঙা ইটের কোলাজে করা ত্রিপুরার বিলোনিয়া সীমান্তের ভাস্কর্য ‘গণহত্যা ১৯৭১’র ছবি ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।
অর্ধশতাধিক ভাস্কর্যের পাশাপাশি এখানে রাখা হয়েছে হাশেম খানের বেশ কিছু চিত্রকর্ম।
কোলাজের এসব ছবিতে উঠে এসেছে বাংলার মানুষ, নিসর্গ। বাংলার নারী, শিশু আর লোকজ মোটিফে আঁকা নিত্য আসবাবের নকশা নিয়েও নিরীক্ষাধর্মী হয়েছেন শিল্পী।
তিনি বলেন, “বাংলাদেশের সংগ্রাম, বাংলার মানুষের সংগ্রাম এমনকি তার সংগ্রামী জীবনের কথা ফুটে উঠেছে তার শিল্পকর্মে। তার সাথে আর কারও তুলনা চলে না। তাকে শুধু চিত্রশিল্পী বলব না, তিনি আমাদের স্বাধিকার সংগ্রামের কর্মী। সংবিধান প্রণয়নের সময় নকশা প্রণয়নে জড়িয়ে থেকে তিনি অনন্য, ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।”
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “দেশের জন্য, বাঙালি সমাজ ও সংস্কৃতির জন্য দায়বদ্ধতার এক শক্তিশালী উদাহরণ শিল্পী হাশেম খান। তার এই দায়বদ্ধতার বিষয়টি অসাধারণ কৃতিত্বের সঙ্গে তার চিত্রকলার বিভিন্ন মাধ্যমে অনন্য বৈশিষ্ট্যে বিধৃত হয়েছে।”
