তরুণদের খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে তারা ভালো চিন্তাভাবনার মধ্যে থাকায় বিপথে যাবে না।
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ দলকে বৃহস্পতিবার গণভবনে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।
নতুন প্রজন্মের উদ্দ্যেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “খেলাধুলায় যত বেশি তারা সম্পৃক্ত থাকবে, তত বেশি তাদের মনটাও বড় হবে। শারীরিকভাবে সুস্থ হবে। ভালো চিন্তা-ভাবনার মধ্যে থাকবে, বিপথে যাবে না।”
তিনি বলেন, “আমাদের পরিবারের সবার মধ্যেই খেলাধুলার আগ্রহ রয়েছে। খেলাধুলাকে আমরা সব সময়ই উৎসাহিত করি। লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি সব কিছুরই যেন উন্নতি সেদিকে দৃষ্টি দিয়ে আমরা কাজ করি।”
শিরোপা জেতায় খেলোয়াড়সহ সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই বাচ্চা-বাচ্চা মেয়েগুলি আমাদের জন্য বিরাট সন্মান বয়ে নিয়ে এসেছে।
“মেয়েরা যেখানেই যাচ্ছে সব জায়গায় খুব ভালো করছে। তোমরা পড়াশোনা করবে, সাথে সাথে খেলাধুলাও করবে।”
ফুটবল বাংলাদেশের ‘অত্যন্ত জনপ্রিয় খেলা’ উল্লেখ করে শেখ হাসিনা সবারই ফুটবল খেলার দিকে ‘নজর দেয়ার’ আহ্বান জানান।
অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন। প্রধানমন্ত্রী তাদের চেক ও উপহার সামগ্রী দেন। ফুটবল দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুটবল উপহার দেওয়া হয।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগ সভানেত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
