২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সমাজ-রাষ্ট্রের পরিবর্তনে কাজ করেছেন আহমদ শরীফ’

বাংলা সাহিত্য-সংস্কৃতির গবেষক আহমদ শরীফ দেশ-কাল-সমাজ ও রাষ্ট্রের সংস্কার ও পরিবর্তনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 01:21 AM

Updated : 11 Oct 2022, 11:58 AM

বুধবার বিকালে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আহমদ শরীফ স্মরণে সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

‘ডক্টর আহমদ শরীফঃ মনীষা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আহমদ কবির। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম সেখানে আলোচনা করেন।

পঞ্চাশ দশক থেকে নব্বই দশকের শেষ অবধি সমাজ, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, দর্শন, ইতিহাস নিয়ে লিখে গেছেন আহমদ শরীফ।

সলিমুল্লাহ খান বলেন, “এসব প্রবন্ধে অত্যন্ত জোরাল যুক্তি দিয়ে প্রচলিত সমাজ ব্যবস্থাকে পরিত্যাগ করে সমাজতান্ত্রিক ব্যবস্থা বিনির্মাণের আশা পোষণ করেছিলেন তিনি।

“দেশ-কাল-সমাজ ও রাষ্ট্রের প্রথাগত সংস্কার পরিবর্তনের লক্ষ্যে সব সময় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মানুষের আর্থ-সামাজিক মুক্তিসহ সমাজতন্ত্রের প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ। ভাববাদ, মানবতাবাদ ও মাকর্সবাদের যৌগিক সমন্বয় প্রতিফলিত হয়েছিল তার চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আচার-আচরণে, বক্তব্যে ও লেখনীতে।”

অধ্যাপক নেহাল করিম বলেন, “বাংলাদেশে সাহিত্য-সংস্কৃতি জগতের প্রধান ব্যক্তিদের মধ্যে ড. আহমদ শরীফ-ই সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি সবার কাছে প্রিয় হওয়ার দুর্বলতাকে ঘৃণাভরে প্রত্যাখান করেছিলেন।”

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, “আহমদ শরীফ বড় হয়ে উঠেছিলেন আবদুল করিম সাহিত্যবিশারদের দুর্লভ অমূল্য পুঁথির ভাণ্ডার ও সাময়িক পত্রপত্রিকার সম্ভারের মধ্যে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তিনি ব্যয় করেছেন মধ্যযুগের সাহিত্য ও সামাজিক ইতিহাস রচনার জন্য, যা ইতিহাসের অন্যতম দলিল।”

“বিশ্লেষণাত্মক তথ্য, তত্ত্ব ও যুক্তিসমৃদ্ধ দীর্ঘ ভূমিকার মাধ্যমে তিনি মধ্যযুগের সমাজে ও সংস্কৃতির ইতিহাস বাংলা ভাষাভাষী মানুষকে দিয়ে গেছেন, যা বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমর গাঁথা হয়ে থাকবে।”

দুর্নীতি দমন বিভাগে চাকরি দিয়ে পেশাগত জীবন শুরু করা আহমদ শরীফ পরে শিক্ষকতায় যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমে রিসার্চ অ্যাসিটেন্ট হিসেবে যোগ দিয়ে তিনি আব্দুল করিম সাহিত্য বিশারদের বিশাল পুঁথির সম্ভার নিয়ে গবেষণা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার থেকে অবসরের পর ১৯৮৪ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

দেশ স্বাধীন হওয়ার আগে থেকে মৃত্যুর পরবর্তী বছর অবধি প্রতি বছর গড়ে দুটো করে আহমদ শরীফের মৌলিক রচনা সংবলিত গ্রন্থ প্রকাশিত হয়েছে।