২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার নিজেরই তো ভয় লাগে: বিচারপতি ওয়াহ্হাব মিঞা

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে যেভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তার কড়া সমালোচনা করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 01:21 PM

বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানিতে তিনি নিজের শঙ্কার কথাও বলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ধরন প্রসঙ্গে ওয়াহ্হাব মিঞা বলেন, “পুলিশ থাকে...জেল-জরিমানা দিয়ে দেন..।

“সাধারণ মানুষের কথা কি বলব, পুলিশ যেভাবে যায় সেটা দেখলে আমার নিজেরই তো ভয় লাগে। বিনা কারণে কোনো নাগরিক একদিন জেলে রাখাও সংবিধান সমর্থন করে না।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইনের ১৪টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি মঙ্গলবার পর‌্যন্ত মুলতবি রেখেছে আপিল বিভাগ।

এ পর‌্যন্ত ভ্রাম্যমাণ চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। পরে আধা ঘণ্টার বিরতিতে যায় আদালত।

ফিরে এসে মাসদার হোসেন মামলার শুনানি নিয়ে আদেশ দেয় পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। এরপর আবার শুরু হয় ভ্রাম্যমাণ আদালতের শুনানি। 

ভ্রাম্যমাণ আদালতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম; রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

সকালে শুনানির শুরুতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সমালোচনা করে বক্তব্য দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্যের পর এই আদালতের সাজার আদেশ ‘নির্বাহী না বিচারিক’ আদেশ হবে তা জানতে চেয়ে আদালত বিরতিতে যায়।

পরে শুনানি শুরু হলে ব্যারিস্টান আমীর তার লিখিত শুনানি উপস্থাপন শুরু করেন। এসময় আদালত তাকে সাক্ষ্য আইন পড়তে বললে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী বলেন, “আমি যেটা বুঝেছি তা আমি লিখিতভাবে উপস্থাপন করছি। এটি না শুনেই আপনারা কোনো কিছু চাপিয়ে দিতে পারেন না।

এ পর্যায়ে আদালত বলে, “ঠিক আছে, আপনি শুনানি করেন। শুনানি শেষ হলে বলবেন। কতগুলো বিষয় বোঝার জন্য আমাদের কিছু প্রশ্ন আছে।”

লিখিত শুনানির পর দায়িত্বরত প্রধান বিচারপতি বলেন, “আগের মানুষ আর নাই। তখনকার মানুষের একটা চরিত্র ছিল। এখন কোনো একটা চাকরির জন্য চারিত্রিক সদন নিতে গেলেও চেয়ারম্যান সাহেবরা টাকা নেন। টাকা খেয়ে সালিশে কথা বলেন। আগে তো ২৫-৩০ বছর একজনই চেয়ারম্যান থাকতেন, কোনো অভিযোগ শোনা যেত না।”

বিচারপতি বলেন, ‘এখন মানুষ বাড়তেসে কিন্তু ম্যান অব কোয়ালিটি কমতেসে।’

এসময় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রবীন্দ্রনাথের ‘বঙ্গমাতা’ কবিতা থেকে উদ্বৃত করে বলেন, “সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী/ রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।”

বিচারপতি ওয়াহহাব মিঞা বলেন, “এখন তে মানুষের ইন্টিগ্রিটি নষ্ট হয়ে গেছে মিস্টার ইসলাম। আপনি মোবাইল কোর্টের সামনে পড়েছেন কোনোদিন? মোবাইল কোর্ট নিয়ে মানুষের মনে আতঙ্ক আছে।

“ঘটনাস্থলেই আপনি সাজা দিয়ে দিচ্ছেন অথচ তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না। জোর করেও তো স্বীকারোক্তি আদায় করা যায় মিস্টার ইসলাম।”

তখন আমীর ইল ইসলাম বলেন, “এটা তো ভাল বিষয়। আপনার দর্শন আর আমার দর্শনে পার্থক্য আছে।”

ওয়াহহাব মিঞা বলেন, “এটাকে ভাল বলছেন? দণ্ডবিধির এতগুলো ধারা আপনি অন্তর্ভুক্ত করে নিলেন আবার আপনিই বলছেন, এটা আদালত না প্রশাসনিক ব্যবস্থা। এটা তো আমাদের বুঝতে হবে। আমাদের বুঝাতে হবে তো। খুবই সেনসেটিভ বিষয়। আমাদের তো রায় লিখেতে হবে।

“একটা লোককে ২ বছরের জেল দিয়ে দিবেন তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দিচ্ছেন না। তার সুযোগটা কোথায়? হ্যা, কিছু কিছু আইন আছে যেখানে মোবাইল কোর্ট থাকতেই হবে। কিন্তু সাক্ষ্য আইনের সব শিডিউল যদি নিয়ে নেন তাহলে এটা কি হবে?”

ব্যারিস্টার আমীরের কাছে এমন প্রশ্ন রেখে আদালত মঙ্গলবার পর‌্যন্ত শুনানি মুলতবি রাখে।

পরে জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘মোবাইল কোর্টের ব্যাপারে তিনটা পিটিশন ও একটি আপিল আছে। আপিলে আমি আরগুমেন্ট করবো। আর পিটিশনগুলোর মধ্যে একটি এম আমীর উল ইসলাম অ্যাপিয়ার করেছেন। তাকে সরকার বিশেষভাবে নিয়োগ দিয়েছেন।

“আরেকটিতে অ্যাপিয়ার করবেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আমরা তিনজনই আরগুমেন্ট করবো। আগামী মঙ্গলবার আবার হবে। এ পর‌্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলবে।”

ব্যারিস্টার আমীর বলেন, “ভেজাল খাদ্য, বাল্যবিয়ে, মাদক প্রতিরোধসহ নানা অপরাধ তাৎক্ষণিকভাবে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের প্রয়োজনীয়তা আছে। এ বিষয়টিই আদালতে বলেছি। মঙ্গলবার আবার শুনানি হবে।”

এর আগে গত বছরের ১১ জুন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত ২০০৯ সালের আইনের ১৪ টি ধারা ও উপধারা অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্ট। একইসঙ্গে এই আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণাও করা হয়।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে।

পরে রাষ্ট্রপক্ষের কয়েক দফা আবেদনের প্রেক্ষিতে রায়ের কার্যকারিতা স্থগিত রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইতিমধ্যে রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই লিভ টু আপিলের শুনানিই মঙ্গলবার পর‌্যন্ত মুলতবি রাখা হয়েছে।

[সংশোধিত]