২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলভারী’ করার চেষ্টা, জবিতে সংঘর্ষে ছাত্রলীগের দুই পক্ষ

নিজ নিজ পক্ষে কর্মী টানা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলযোগের খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 05:41 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

বুধবার সকালে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, মারপিটে আহত হয়েছেন দুই ছাত্র। 

মঙ্গলবার সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের এক সমর্থকের সঙ্গে সভাপতি তরিকুল ইসলামের সমর্থকদের হাতাহাতির সূত্র ধরে বুধবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।  

সাধারণ সম্পাদকের গ্রুপের কর্মী সংগ্রহের কাজে মঙ্গলবার পদার্থবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের অনিক ১৩তম ব্যচের শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন। সেখানে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের সভাপতির সমর্থক বললে অনিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জেরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সভাপতির সমর্থকরা সাধারণ সম্পাদক সমর্থক মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সোহানকে কুপিয়ে আহত করেন।

সভাপতি সমর্থকদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দিয়ে শহীদ মিনারের পাশে অবস্থান নেন সাধারণ সম্পাদক সমর্থকরা।

কিছুক্ষণ পর সভাপতি তরিকুল ইসলাম দলবল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পুলিশের উপস্থিতিতেই তারা প্রতিপক্ষের কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে আহত হন সমাজকর্ম বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী স্বপন।

তরিকুলের উপস্থিতিতেই তার কর্মীরা বিজ্ঞান এবং কলা অনুষদের কয়েকজন সাধারণ শিক্ষার্থীকেও মারপিট করেন।

পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ক্যাম্পাসে প্রবেশ করেন সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল।

পরে তিনি পুলিশ ও সাংবাদিকদের সামনে সভাপতি তরিকুল ইসলাম বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “সভাপতি ক্যাম্পাসে প্রবেশ করার পর আবার সংঘর্ষ ঘটল কেন?”

সভাপতি তরিকুল সেখানে থাকলেও তিনি কোনো কথা বলেননি।

এসময় পুলিশের কোতয়ালি জোনের সহকারী কমিশনার বদরুল ইসলাম ওয়াকিটকির মাধ্যমে লালবাগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খানের নির্দেশনা সবাইকে শোনান।

তাকে বলতে শোনা যায়, “গতকাল দুই গ্রুপ ক্যাম্পাসে কিছু ঘটবে না মর্মে কথা দিয়ে গেলেও, সকালে মানুষ ঘুম থেকে ওঠার আগেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা দ্রুত শান্ত হয়ে না গেলে বা ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি না ফেরালে, সভাপতি-সাধারণ সম্পাদককেও ছাড় দেওয়া হবে না।”

পরে দুই নেতা নিজ নিজ সমর্থকদের নিয়ে ক্যাম্পাস ছেড়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাম্পাসে কয়েক দফা সংঘর্ষ হয়েছে, তবে কেউ কোনো অভিযোগ করেণি। আমরা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”